ভোটের বাজারে ভাঙড়ে উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র, উত্তেজনা এলাকায়
দুই ভাইয়ের ঝামেলায় বন্দুক বেরোল ভাঙড়ে। ঘটনায় অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ।
দুই ভাইয়ের ঝামেলায় বন্দুক বেরোল ভাঙড়ে। ঘটনায় অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভাঙড়ে কাশীপুর চরকপোতায় ভরদুপুরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয়ে বিবাদ শুরু হলে এক ভাই শেখ মনিরুল বাড়িতে ছুটে গিয়ে একটি পিস্তল নিয়ে এসে গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অন্য জনকে।

পুলিশের কাছে এই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে কাশীপুর থানার আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
লোকসভা নির্বাচনের আগে ভাঙড়ে সামান্য পারিবারিক বিবাদেই বন্দুক বের হওয়ায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সারা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কমিশন সর্বতোভাবে চেষ্টা করছে। ভোটের আগে দাগী অপরাধীদেরও খোঁজ চলছে। এবং পাশাপাশি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানও চলছে। তবে বাড়ির বিবাদে যেভাবে অস্ত্র বের হল তাতে যে কমিশনের কপালে ভাঁজ পড়বে তা বলাই যায়।












Click it and Unblock the Notifications