দিল্লিতে বিজেপি নাম ঘোষণা করতেই চূড়ান্ত হল ব্যারাকপুরে দীনেশ বনাম অর্জুনের লড়াই
অর্জুনকেই ব্যারাকপুরে প্রার্থী করে দিল বিজেপি। তাঁর লড়াই দুই বারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে।
তৃণমূল পুরনো লোকজনকে ভুলে গিয়েছে। একসময়ে যাঁরা দলের হয়ে সংগ্রাম করেছিলেন তাঁরা আজ ব্রাত্য। এই বলে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন অর্জুন সিং। এই অর্জুনকেই ব্যারাকপুরে প্রার্থী করে দিল বিজেপি। তাঁর লড়াই দুই বারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে।

এদিন আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হল। তার আগেই প্রচার শুরু করে দিয়েছিলেন অর্জুন সিং। নাম ঘোষণার পর বললেন, আজ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হল। বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এই কেন্দ্র থেকে জিতবেন বলেও হুঙ্কার ছেড়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং।
বিজেপিতে ঢুকেই ব্যারাকপুর কেন্দ্রকে নিশানা করেছিলেন অর্জুন। জানিয়েছিলেন, দীনেশ ত্রিবেদীকে মানুষ চেনে না। তিনিও মানুষকে চেনেন না। অর্জুন নিজে মানুষের সঙ্গে থাকেন। ফলে তিনি যে দলে থাকবেন, মানুষ সেই দলকেই ভোট দেবেন।
এদিনও একই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। তিনি বলেছেন, আসল দোল খেলা হবে ২৩ মে। যার অর্থ ব্যারাকপুর কেন্দ্র থেকে যে তিনি জিতবেন তা জানিয়েই একসময়ের সতীর্থ দীনেশ ত্রিবেদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
এদিন বিজেপি ৪২টি কেন্দ্রে মধ্যে ১৪টি কেন্দ্র বাকী রেখে ২৮টির প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তৃণমূল থেকে যাওয়া অনুপম হাজরা, সৌমিত্র খাঁ, অর্জুন সিংরা সকলেই টিকিট পেয়েছেন।












Click it and Unblock the Notifications