Arjun Singh: অবশেষে ফুল বদল, বিজেপিতে যোগ অর্জুনের, পদ্মশিবিরে যোগ দিলেন দিব্যেন্দুও
অবশেষে বিজেপিতে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের। পরিকল্পনা মতোই শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের নেতা। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিব্যেন্দু অধিকারী এবং তাঁর পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শাসক দলের।
গতকাল দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি তৃণমূল সাংসদ থাকলেও দলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছিল। আজ সকালেই অর্জুন সিংয়ের সঙ্গে তিনিও দিল্লি উড়ে গিয়েছিলেন। তারপরে সেই জল্পনা আরও পারদ চড়তে শুরু করেছিল। অবশেষে সত্যি হল সেই জল্পনা। বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। অমিত মালব্যর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।

অর্জুন এবং দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের পর বিজেপি নতুন করে ঘুঁটি সাজাবে তাতে কোনও সন্দেহ নেই। এমনিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে খোলা চ্যালেঞ্জ জানিয়েছে অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও টিকিট পাননি অর্জুন সিং। তাতেই প্রবল ধাক্কা খেয়েছিলেন তিনি। তাঁকে দল ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছিলেন অর্জুন সিং। এমনকী তিনি প্রকাশ্যে শাসক দলকে চ্যালেঞ্জ করেছিলেন যে তাঁকে বেইজ্জত করে ঠিক করেনি তৃণমূল কংগ্রেস। তবে তিনি যে ময়দান ছাড়তে রাজি নন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন।
গতকয়েকদিনে বিজেপির কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলেও দাবি করেছিলেন অর্জন সিং। অবশেষে গতকাল সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং জানান তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। অবশেষে লোকসভা ভোটের আগে একটি দল পেলেন অর্জুন। ইতিমধ্যেই তিনি তোপ দেগেছেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে। অর্জুন সিং গতকাল দাবি করেছেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে নৈহাটিতে জমি কিনে দিতে সাহায্য করেছিলেন পার্থ ভৌমিক। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক। তাঁকে সন্দেশখালি কাণ্ডের পর প্রকাশ্যে দেখা গিয়েছে বেশি।
কিন্তু দল বদল করলেও ব্যারাকপরের িটকিট কি পাবেন অর্জুন সিং এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাই। তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি। দলে থেকেও এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন তিনি। শাসক দলের সাংসদ হয়েও কোনও যোগা যোগ তাঁর দলের সঙ্গে ছিল না। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিলেও তমলুকের টিকিট পাওয়া তাঁর হবে না। কারণ সেই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তমলুক কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications