বিজেপির যে কোনও সর্বভারতীয় নেতা ডায়মন্ড হারবারে প্রার্থী হতে স্বাগত, বার্তা অভিষেকের
তৃণমূলের বিরুদ্ধে আজ কেবল ষড়যন্ত্র, চক্রান্ত। বিজেপির কোনও সর্ব ভারতীয় নেতা তাঁর বিরুদ্ধে লড়তে চাইলে এখনও সময় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে স্বাগত জানাচ্ছেন। মঞ্চ থেকে এই বার্তাই দিলেন বিদায়ী সাংসদ।
গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য জেলাতেও যাতায়াত শুরু করে দিয়েছেন। এবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করলেন তিনি৷ ওই কেন্দ্রেরই বিদায়ী প্রার্থী তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে বিজেপি সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে ফের জোরালো প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ডায়মন্ড হারবারে আরও উন্নয়ন দেখা যাবে। আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
" আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র৷ মানুষের ক্ষমতায় বিশ্বাস করি।" এই কথা মঞ্চ থেকে বললেন অভিষেক। বিরোধীরা অনেক কথা বলে হাওয়া তোলার চেষ্টা করেছিল। কিন্তু প্রার্থী খুঁজতে দেড় মাস লেগে গিয়েছে। বিজেপিকে নাম না করেন আক্রমণ করলেন অভিষেক।
ডায়মন্ড হারবার মডেল আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এখন ৭৬ হাজার বয়স্ককে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। আগামী দিনে আরও বেশি মানুষকে সেই সুবিধা দেওয়া হবে, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন গত জন্মের ভালো কাজের প্রসঙ্গ টেনে আনেন বিদায়ী সাংসদ। অভিষেক বলেন, " লোক আমাকে বলে, ডায়মন্ড হারবারের মানুষের সত্যিই খুব ভালো ভাগ্য করে এসেছে, যে এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম, ভুল। আমার ভাগ্য ভালো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনও ভালো কাজ করেছিলাম। যে ডায়মন্ড হারবারের মায়েদের, ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি।"
কেন্দ্রের বিজেপি সরকার ডায়মন্ড হারবারের জন্য কী করেছে? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। আগামী দিনে বাংলার আরও ৪১ টা কেন্দ্রকে এই ডায়মন্ড হারবার মডেল রাস্তা দেখাবে। এমনই আশ্বাস দিলেন অভিষেক।আজ রবিবার বজবজ ২ নম্বর ব্লক মুচিশা হাই স্কুল খেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন।












Click it and Unblock the Notifications