Anup Ghoshal: আকাশে-বাতাসে বিষাদ! অনুপ ঘোষাল প্রয়াত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
Anup Ghoshal: আহা কী আনন্দ আকাশে-বাতাসে! জনপ্রিয় এই গান কানে এলেই প্রথমে যাঁর কথা মনে পড়ে তিনিই আজ চিরঘুমে। ফলে এই গানের কথা ধরেই বলতে হচ্ছে, আকাশে-বাতাসে বিষাদ।
বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল প্রয়াত। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কও। তাঁর প্রয়াণে সংস্কৃতি মহলে শোকের ছায়া।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, "বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন।
বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'সাগিনা মাহাতো' চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে 'নজরুল স্মৃতি পুরস্কার' ও ২০১৩ সালে 'সংগীত মহাসম্মান' প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
সংগীত জগতের সঙ্গে যুক্ত পরিবারেই জন্ম ও বেড়ে ওঠা অনুপ ঘোষালের। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল, মা লাবণ্য ঘোষাল। মাকে দেখেই সংগীত জগতের প্রতি অনুরাগ জন্মায় অনুপের। চার বছর বয়স থেকেই গান শেখা শুরু। অনুপ ঘোষালের মায়ের গানের গলা যেমন ভালো ছিল, তেমনই দিদিরাও গান করতেন।
অল ইন্ডিয়া রেডিওর শিশু মহল অনুষ্ঠানে সাড়ে বছর বয়সে গান গেয়েছিলেন অনুপ ঘোষাল। ২৬ বছর অবধি গানের প্রশিক্ষণ নিয়েছেন। ঠুমরী, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গানের পাশাপাশি আধুনিক বাংলা গান ও লোকগানে দক্ষতা অর্জন করেন।
আশুতোষ কলেজ থেকে হিউম্যানিটিজে স্নাতক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পি.এইচডি ডিগ্রি লাভ। নজরুলগীতির রূপ ও রসানুভূতি ছিল তাঁর গবেষণার বিষয়। ১৯৬৬-৬৭ সালে ক্ল্যাসিক্যাল মিউজিকে সংগীত ভারতীয় ডিগ্রি পরীক্ষায় প্রথম হয়েছিলেন দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসংগীত শেখা অনুপ।
অনুপ ঘোষাল মাত্র ১৯ বছর বয়সে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে সংগীত পরিবেশন করেন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গুপী গাইন বাঘা বাইনে। হীরক রাজার দেশে ছবিতে গানের জন্য ১৯৮১ সালে জাতীয় পুরস্কার পান। গুপী বাঘা ফিরে এলো-তেও গান গেয়েছেন। নায়িকার ভূমিকায়, কবি, ছদ্মবেশী, বিরাজ বৌ, মোহনবাগানের মেয়ে, সাহিনা মাহাতো-সহ প্রচুর বাংলা ছবিতে গান গেয়েছেন।
ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও প্রচুর অনুষ্ঠান করেছেন অনুপ ঘোষাল। হিন্দি, ভোজপুরী, অসমিয়া ছবিতেও তাঁর গান রয়েছে। সত্যজিৎ রায়ের ছবিগুলিতে সহকারী সুরকারের ভূমিকা পালন করেছেন। ২০১১ সালের নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications