মায়ের কাছে মাথা ঠুকে কৌশিকী অমাবস্যায় কী প্রার্থনা তৃণমূলের কেষ্টর! দেখুন ভিডিও
কৌশিকী অমাবশ্যায় তারাপীঠে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পুজো দেওয়ার সময় মাথা ঠুঁকে কেঁদেও ভাসান তিনি।
কৌশিকী অমাবশ্যায় তারাপীঠে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পুজো দেওয়ার সময় মাথা ঠুঁকে কেঁদেও ভাসান তিনি। বেরনোর সময় তিনি বলেন, তারা মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন, যাতে তিনি (তারা মা) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। মানুষ যাতে মিথ্যা কথা না বলে সেই প্রার্থনাও করেছেন তিনি। তবে কে বা কারা মিথ্যা কথা বলছেন, তা খোলসা করেননি তিনি।

কৌশিকী অমাবস্যায় লাখো মানুষের সমাবেশ তারাপীঠে। এরই মধ্যে রবিবার বেলা একটা নাগাদ সেখানে পুজো দিতে যান হেভিওয়েট তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়-সহ বীরভূম জেলা তৃণমূলের নেতৃবৃন্দ।
মন্দিরে যাওয়ার পরেই ভিআইপি গেট দিয়ে ঢুকিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে। প্রধান পুরোহিতকে সঙ্গে নিয়ে বিগ্রহে নতুন কাপড় দেন। বিগ্রহের গলায় মালাও দেন তিনি। প্রায় আধঘন্টা ধরে চলে পুজো।
পুজো দেওয়ার সময় অনুব্রত মণ্ডলকে হাত জোড় করে মাঠা ঠুঁকতে দেখা যায়। এক সময় কেঁদেও ফেলেন তিনি।
পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের জানান, রাজ্যের মানুষ যাতে শান্তিতে থাকেন, সেই জন্য তিনি প্রার্থনা করেছেন। মানুষ যাতে মিথ্যা কথা না বলে, সেই প্রার্থনাও করেছেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, মা বীরভূমের অনেক উন্নয়ন তিনি করেছেন, বাংলাকে অনেক দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেন তিনি থাকেন, সেই প্রার্থনা করেছেন তিনি।
তবে অনুব্রত মণ্ডলের প্রার্থনা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে অনেক। কে বা কারা মিথ্যা বলছেন, কেনই বা মাকে( তারা মা) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার কথা বলছেন, সেই প্রশ্নও উঠছে। মা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না, নাকি ভবিষ্যতে তিনি (মা) সরে যেতে পারেন, সেই সম্ভাবনার কথাই কি ফুটে উঠল অনুব্রত মণ্ডলের মুখে, প্রশ্ন বিরোধীদের।












Click it and Unblock the Notifications