আসন্ন ভোটে 'নতুন মডেল'-এ কিস্তিমাত! স্পষ্ট করে দিলেন বীরভূমের কেষ্ট
বিরোধীরা যখন কিছুই করে উঠতে পারেনি, তখন নিজের জেলায় আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তিনি গুসকরার দলীয় অফিসে গিয়ে বৈঠকও করেছেন।
বিরোধীরা যখন কিছুই করে উঠতে পারেনি, তখন নিজের জেলায় আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তিনি গুসকরার দলীয় অফিসে গিয়ে বৈঠকও করেছেন। বোলপুর মডেলেই গুসকরায় প্রার্থীপদ ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। দুর্নীতিতে অভিযুক্ত কোনও নেতানেত্রীকে প্রার্থী করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বোলপুর পুরসভায় ভোটে কোনও তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড সংরক্ষিত হয়ে গেলে, তাঁকে অন্য কোনও ওয়ার্ডে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয় না। গুসকরাতেও সেই একই প্রক্রিয়ায় প্রার্থী পদ ঠিক করা হবে। সূত্রের খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি গুসকরার টিকিট বিলি করবেন। কোনও সমস্যা হলে বিধায়ক দেখবেন। এরপরেও সমস্যা থেকে গেলে তিনি বসে তার মীমাংসা করবেন বলে জানিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, গুসকরা নিয়ে হওয়া বৈঠকে অনুব্রত মণ্ডল ছাড়াও হাজির ছিলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান। এছাড়াও আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউসগ্রাম ১ ব্লকের তৃণমূল সভাপতি সেখ সালেখ রহমান এবং গুসকরার তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায়।
ভোট সামনে আসলেই অনুব্রত মণ্ডলের মুখে গুড়-বাতাসা কিংবা চড়াম চড়াম করে ঢাক বাজানোর কথা চলে আসে। এবার সেই অনুব্রত মণ্ডলের মুখেই শোনা যাচ্ছে অন্য কথা। ২০১৯-এর ভোটের আগে একদিকে যেমন জেলার নাম-সংকীর্তনের দলগুলিকে খোল করতাল বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তেমনই গুসকরার পুর নির্বাচনে কার্যত বোলপুর মডেল অনুসরণ করার কথা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications