সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কেষ্ট, আদালতে মেয়ের জন্য কী আর্জি অনুব্রত মণ্ডলের
সুকন্যাকে গ্রেফতারি নিয়ে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অনুব্রত মণ্ডল। সরাসরি সুকন্যাকে গ্রেফতার করে অন্যায় করেছে ইডি বলে আদালতেই মন্তব্য করেছেন তিনি। সুকন্যাকে গ্রেফতার করে ইডি কোনও বাহাদুরি করেনি বলে মন্তব্য করেছেন তিনি।
সুকন্যাকে তিহাড় জেলে না রেখে আসানসোল জেলে পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি। সোমবার আদালতে এমনই আর্জি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও আদালত তাঁকে ফের ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে সুকন্যাকে নিয়ে তার আর্জির কোনও নির্দেশ দেয়নি।

৩ দিনের ইডি হেফাজতের পর কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তারপরেই তাঁকে তিহাড় জেলের মহিলা সেলে রাখা হয়েছে। সেখানেই রয়েছেন অনুব্রত মণ্ডলও। আদালতে সুকন্যা আর্জি জানিয়েছিলেন যে তাঁকে যেন প্রতিদিন তাঁর বাবার সঙ্গে এবং তাঁর বান্ধবী সুতপার সঙ্গে ১০ মিনিট করে কথা বলতে দেওয়া হয়।
তাতে আপত্তি জানায়নি ইডি। আদালত জানিয়েছিল পুরোটাই তিহাড় জেল কর্তৃপক্ষের বিষয়। জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তাহলে তাতে আপত্তি নেই। সেই সঙ্গে বেশ কিছু বই সঙ্গে করে নিয়ে যেতে চয়েছিলেন। সেটাও জেল কর্তৃপক্ষ অনুমতি দিলে আপত্তি নেই বলে জানিয়েছেন।

ইডির তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীরা জানিয়েছে ন অনুব্রতর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক শিক্ষিকার চাকরি করে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন সুকন্যা তা নিয়ে জেরা করেছিলেন তদন্তকারীরা। কিন্তু তার জবাবে কোনও সদুত্তর তিনি দিতে পারেন নি।
এতদিন মেয়ের গ্রেফতারি নিয়ে কোনও কথা শোনা যায়নি অনুব্রত মণ্ডলের মুখে। সোমবার ভরা আদালতে মেয়ের হয়ে প্রথম মুখ খুললেন তিনি। এর আগে সুকন্যার গ্রেফতারি নিয়ে অনেক তৃণমূল কংগ্রেস নেতা মুখ খুলেছিলেন কিন্তু অনুব্রত মণ্ডল এই প্রথম মুখ খুললেন। মেয়েকে তিহাড় জেলে না রেখে আসানসোল সংশোধনাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন কেষ্ট।












Click it and Unblock the Notifications