তৃণমূল কংগ্রেস কত আসন পাবে বীরভূমে, মমতা-সকাশে একুশের ছবি এঁকে দিলেন ‘কেষ্ট’
তৃণমূল কত আসন পাবে বীরভূমে, মমতা-সকাশে একুশের ছবি এঁকে দিলেন ‘কেষ্ট’
তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে অনুব্রত মণ্ডল সাফ জানিয়েছিলেন আসন্ন নির্বাচনে বিজেপিকে হেলায় হারাবে তৃণমূল। এমনকী তৃণমূল এবার কতগুলি আসন পাবে তাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথা দিলেন বীরভূম জেলা থেকে তিনি কতগুলি আসন দিতে সক্ষম হবেন।

১৪টি আসনেই জিতবে তৃণমূল, কথা দিলেন অনুব্রত
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলা সভাপতি ও নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বীরভূম জেলা সভাপতি অনুব্রতর ডাক পড়তেই তিনি সদর্পে দিদিকে আশ্বস্ত করেন। হঠাৎ মমতা বলে ওঠেন, কেষ্ট কোথায়। তরক্ষণাৎ কেষ্ট বলে ওঠেন, দিদি, আমি কথা দিচ্ছি, বীরভূমের ১৪টি আসনেই তৃণমূল জিতবে।

মমতাকে আশ্বস্ত করলেন প্রিয় অনুব্রত
অনুব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন, কেষ্ট তোমার জেলার কী অবস্থা? সে সম্পর্কে বলতে উঠে অনুব্রত মণ্ডল জানান, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বীরভূম জেলার ১১টি ও বর্ধমান জেলার তিনটি আসনই আমি দিদির হাতে তুলে দেব। অনুব্রতর এই কথায় খানিক আশ্বস্ত হন মমতা।

বিজেপিকে হারানোর দাওয়াই অনুব্রতর
এর আগে অনুব্রত মণ্ডল খয়রাশোলের কর্মিসভায় জানিয়েছিলেন, বিজেপিকে হারানো কোনও ব্যাপার নয়, শুধু কয়েকটা কাজ মন দিয়ে করতে হবে। তাহলেই কেল্লাফতে। বিজেপি ফুৎকারে উড়ে যাবে বাংলার লড়াই থেকে। তৃণমূল আরও শক্তি নিয়ে ক্ষমতায় আসতে পারবে। শুধু মনোযোগ সহকারে তাঁর দাওয়াই মেনে চলার বার্তা দিলেন অনুব্রত।

সব আসনে তৃণমূল জয়ী হবে, বললেন অনুব্রত
একই ভঙ্গিমায় দিদিকে আশ্বস্ত করে তিনি জানান, বিজেপি কিছুই করতে পারবে না বীরভূমে। তৃণমূলই জিতবে। সব আসনে তৃণমূল জয়ী হবে। দিদিকে এভাবেই আশ্বস্ত করেন গুড়-বাতাসা, পাচন দাওয়াইয়ের জনক। এবার তিনি ভোট বৈতরণী পার হওয়ার উপায় বাতলে বলেন, আর গরম নয়, নরম হয়ে কাজ হাসিল করতে হবে।

তৃণমূল ও বিজেপির আসন সংখ্যা জানান অনুব্রত
অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল যদি এক হয়ে লড়ে, তবে বিজেপিকে হারানো জলভাত হয়ে যাবে। তৃণমূল নিজেদের মধ্যে গণ্ডগোল না করলে ২৩০ থেকে ২৪০টা আসনে জিতবে। বিরোধীরা ৬০-এর মধ্যেই আটকে যাবে। তার মধ্যে বিজেপি ৪০টি আসন পাবে কি না সন্দেহ। তাঁর কথায় তৃণমূল ২০১৬-র থেকেও বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে।

ক্ষমতায় ফের মমতাই, সঙ্গে বিপুল জনাদেশ
খয়রাশোলের কর্মিসভার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে অনুব্রত জানালেন, তৃণমূলের জয় স্রেফ সমেয়র অপেক্ষা। তিনি সমস্ত তৃণমূল নেতাদের একাগ্র হতে বলেন। তাঁর কথায়, বিজেপির স্বরূপ মানুষ জেনে গিয়েছে। এনআরসি করে মানুষকে তাড়াবে বলছে তো, মানুষই ওদের তাড়িয়ে দেবে। রাজ্যে ২৩০ থেকে ২৪০ আসন আর বীরভূমের সব আসন প্রাপ্তি হবে তৃণমূলের।












Click it and Unblock the Notifications