অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে ৩ ঘনিষ্ঠের নাম! অবস্থা হবে কি মানিক ভট্টাচার্যের মতো, জল্পনা
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে ৩ ঘনিষ্ঠের নাম! অবস্থা হবে কি মানিক ভট্টাচার্যের মতো, জল্পনা
গরু পাচার মামলায় সিবিআই প্রথম গ্রেফতার করে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এরপর অনুব্রত মণ্ডলকে। ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই সেখানে দোর্দণ্ডপ্রতাপ নেতার তিন ঘনিষ্ঠের নামও উল্লেখ করে। যদিও তাঁদের নাম অভিযুক্তের তালিকায় নেই। ফলে এই তিনজনের ভবিষ্যত নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

অনুব্রত মণ্ডলকে দেওয়া চার্জশিটে ৩ ঘনিষ্ঠের নাম
অভিযুক্তের তালিকায় না থাকলেও গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেওয়া সিবিআই চার্জশিটে তিন ঘনিষ্ঠের নাম উল্লেখ রয়েছে। এঁরা হলেন মলয় পীঠ, রাজীব ভট্টাচার্য এবং মণীশ কোঠারি। অনুব্রত মণ্ডলের বিভিন্ন কাজে এঁরা প্রত্যক্ষ এবং পরোক্ষে সাহায্য করেছেন বলে প্রমাণ পেয়েছে সিবিআই। সঙ্গে এঁদের ভবিষ্যত অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অনুব্রত মণ্ডলের ভরসা তিন অরাজনৈতিক ব্যক্তি
খাতায় কলমে এই তিন অরাজনৈতিক ব্যক্তিই বিভিন্ন সময়ে অনুব্রত মণ্ডলের ভরসা ছিলেন। যে কারণে অভিযুক্তের তালিকার না রেখে চার্জশিটে এইসব ব্যক্তির নাম রেখেছে সিবিআই। তদন্তে দেখা গিয়েছে, মলয় পীঠ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অপর একজনকে পেট্রোল পাম্পের সিকিউরিটি ডিপোজিট বাবদ ২০ লক্ষ টাকা দিয়েছিলেন। কোনও স্বেচ্ছাসেবী সংস্থা এইভাবে টাকা দিতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ২০ লক্ষ টাকার সঙ্গে গরুপাচারের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অন্যদিকে রাইস মিল কেনা এবং কোম্পানি তৈরি করতে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলকে আর্থিক এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন। ফলে ওই সাহায্যের পিছনে গরু পাচারের টাকার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পরতে পরতে অসঙ্গতি
সিবিআই ইতিমধ্যেই মলয় পীঠ, রাজীব ভট্টাচার্য এবং মণীশ কোঠারিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। বেশ কিছু ক্ষেত্রে তল্লাশি চালিয়েছে। বেশ কিছু নথির ব্যাখ্যাও চেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, যে জবাব এই তিনজনের থেকে পাওয়া গিয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবার তাঁদের বিরুদ্ধে কঠো ব্যবস্থাও নেয়নি। তবে ভবিষ্যতে নেওয়া হবে না কিংবা নিলে তাঁদের অবস্থা মানিক ভট্টাচার্যের মতো হবে কিনা, সেই প্রশ্ন উঠছে।

অবস্থা হবে কি মানিক ভট্টাচার্যের মতো?
এসএসসির নিয়োগে দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পরে তাঁর এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ইডি মানিক ভট্টাচার্যের নাম উল্লেখ করেছিল। সেখানে আরও বলা হয়েছিল, দুর্নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। বেশ কিছু দিন পরে তাঁকে গ্রেফতার করে ইডি। অনুব্রত মণ্ডলের তিন ঘনিষ্ঠের অবস্থাও কি একই রকমের হতে চলেছে, সেই প্রশ্ন উঠছে বারে বারে।












Click it and Unblock the Notifications