আবারও মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কেষ্ট, এবার সরাসরি ইডিকে প্রশ্ন অনুব্রত মণ্ডলের
তিহাড় জেলেই রয়েছেন সুকন্যা। পরিবেশ যে একেবারেই ভাল নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেয়ের গ্রেফতারি নিয়ে আবারও ইডিকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে পেশ করা হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।
সেখানে সরাসরি ইডিকে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেছেন, 'মেয়েকে অ্যারেস্ট করলেন? বিবেক বলে কিছু নেই নাকি? ' এর আগেরদিনও আদালতে সুকন্যা মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করে খুব অন্যায় করেছে ইডি। এতে কোনও বাহাদুরির কাজ হয়নি।

সুকন্যা মণ্ডলের গ্রেফতারিতে তিনি যে ভীষণ বিরক্ত হয়েছেন সেটা আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সুকন্যাকে আসানসোল সংশোধনাগারে পাঠানোর জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সুকন্যা তিহাড় জেলে থাকুন সেটা একবারেই চাননি অনুব্রত মণ্ডল।
তিহাড় জেল গত কয়েকদিন ধরেই উত্তপ্ত। গ্যাংস্টারের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানেই রয়েছেন অনুব্রত মণ্ডল। সুকন্যা মণ্ডল সেই জেলেরই মহিলা সেলে রয়েছেন। সেকারণে তাঁর নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই যে চিন্তিত হবেন তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই ইডিকে সরাসরি আদালতের মধ্যেই আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের কাছ থেকে তথ্য আদায় করতে সুকন্যাকে ব্যবহার করতে পারেন তদন্তকারীরা। সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও অনুব্রত কন্যার কাছ থেকে তেমন কোনও তথ্যই তারা আদায় করতে পারেনি। জেরায় কেবল কাউ কাউ করে কেঁদেছেন সুকন্যা। সবটাই তার বাবা জানেন বলে জানিয়েছিলেন তিনি।
সুকন্যার গ্রেফতারির পর তাঁকে তিন দিন হেফাজতে পেয়েছিল ইডি। সেসময় দফায় দফায় জেরা করা হয়েছে। সুকন্যাকে তারপরে জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সুকন্যা জেলে প্রতিদিন বাবার সঙ্গে ১০ মিনিট এবং বান্ধবী সুতপা পালের সঙ্গে ১০ মিনিট কথা বলতে চেয়েছিলেন। তাতে আদালত জানিয়েছে জেল কর্তৃপক্ষ অনুমতি দিতে আপত্তি নেই।

সুকন্যার গ্রেফতারি নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইডি ইচ্ছে করে এগুলি করছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বিজেপিরক দাবি বাবার দায়েই মেয়েকে জেল খাটতে হচ্ছে। এই নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যেও জোর তরজা শুরু হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications