তৃণমূল নেতার কথা পাগল-ছাগলের মতো! অনুব্রত-বাণে বিদ্ধ হলেন দলেরই সাংসদ
এবার টুইট-বিতর্কে অংশ নিয়ে সাংসদ অনুপম হাজরাকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
লোকসভা নির্বাচনের পাঁচ মাস আগে তৃণমূলের এক সাংসদ তাঁর নিজের কেন্দ্রেই প্রার্থীর নাম আগাম ঘোষণা করে দেন। টুইট করে নতুন প্রার্থীর নাম জানানোর পরই বিতর্ক তৈরি হয়ে। এবার সেই বিতর্কে অংশ নিয়ে সাংসদ অনুপম হাজরাকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ওসব পাগল-ছাগলের কথা
বীরভূমের মল্লারপুরে এক জনসভায় নিজের দলের সাংসদকেই একহাত নেন অনুব্রত। তিনি দলের সাংসদকে পাগল-ছাগল বলে কটাক্ষ করলেন। নাম না করেই তিনি বলেন, ওসব পাগল-ছাগলের কথা ধরে কোনও লাভ নেই। আমি তো ওসব ধরিই না। আপনারাও কেউ ওসব কথার গুরুত্ব দেবেন না।

প্রার্থী স্থির করবেন নেত্রী
অনুব্রত মণ্ডলের কথায়, লোকসভা নির্বাচনের এখনও অনেক বাকি। সেই নির্বাচনে প্রার্থী স্থির করবে দলের শীর্ষ নেতৃত্ব। সর্বোপরি প্রার্থী চূড়ান্ত করবেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ওসব কথা কারা বলে। পাগলেরাই বলে। তাই আমি ওসব কথার গুরুত্ব দিই না। অনুব্রতর এই বক্তব্যের সময় মঞ্চে ছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

টুইট-বোমা অনুপমের
টুইট করে বোমা ফাটিয়েছিলেন তৃণমূলের বিতর্কিত সাংসদ অনুপম হাজরা। এর আগেও বিভিন্ন ঘটনায় তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন, নিজেকে নিয়ে জল্পনা বাড়িয়েছেন। এবারও তিনি আগাম লোকসভার প্রার্থীর নাম জানিয়ে জল্পনা বাড়ালেন। টুইট করে প্রার্থীর নাম জানিয়ে বুঝিয়ে দিলেন তিনি এবার প্রার্থী নন।
|
অনুপমের টুইটে কী ছিল
অনুপম হাজরা সম্প্রতি টুইট করে বিতর্ক তুলে দেন। সেই টুইটে তিনি লেখেন, আসন্ন ২০১৯ নির্বাচনে শ্রী অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন। এই টুইট ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল সাংসদ আগেভাগে এই ঘোষণা করায় বিস্মিত রাজনৈতিক মহলের একটা বড় অংশ।












Click it and Unblock the Notifications