২০১৯ লোকসভায় কত আসন পাবে তৃণমূল, মায়ের মন্দিরে দাঁড়িয়ে কেষ্ট-র ভবিষ্যদ্বাণী
২০১৯ লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে তৃণমূল, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।
২০১৯ লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে তৃণমূল, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বীরভূমের ক্ষীরগ্রামে যোগাদ্যা মন্দিরের পুজো দিয়ে জানান, মায়ের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। এবার ৪২-এ ৪২-ই পাবে তৃণমূল কংগ্রেস। মা তাকে জানিয়ে দিয়েছেন এ কথা। আর তার অন্যথা হওয়ার নয়।

সোমবার যোগাদ্যা মন্দিরের পাশেই একটি অতিথি নিবাসের উদ্বোধন করতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর মায়ের মন্দিরে পুজোও দেন তিনি। তারপরই ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন অনুব্রত মণ্ডল। শুধু ভবিষ্যদ্বাণীই নয়, মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে তিনি কি প্রার্থনা করলেন, তা সবিস্তারেও বলেন তৃণমূলের কেষ্ট।
তিনি বলেন, আমি মায়ের পুজো দিয়ে বললাম, মা আবার অসুরের আগমন হয়েছে। মা তখন বললেন- কোনও চিন্তা নেই। আবার অসুর দমন হবে। বাংলায় ৪২-এ ৪২-ই হবে। তুই নদিয়ার দায়িত্ব পেয়েছিস, নদিয়াতে খুব ভালো হবে, বীরভূমেও ভালো হবে। তুই নিশ্চিন্তে থাক।
এরপরই অনুব্রত বলেন, আমার বিশ্বাস, মায়ের আশীর্বাদী ফুল বিফলে যাবে না। মায়ের আশীর্বাদ সর্বদাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, বাংলাজুড়ে প্রচুর উন্নয়ন হয়েছে। বীরভূমের সর্বত্রই উন্নয়নে মুড়ে দেওয়া হয়েছে। মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। তারপর মন্দিরের সামনেই অতিথিনিবাস হল। ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণের পর তার উদ্বোধনও হয়ে গেল এদিন।












Click it and Unblock the Notifications