মমতার নামে সঙ্কল্প করে বিজেপি-কে হিন্দুত্বের পাঠ, কঙ্কালীতলায় মহাযজ্ঞ অনুব্রত-র
বিজেপিকে হিন্দুত্বের শিক্ষা দিতে কঙ্কালীদেবীর পুজোয় মাতলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কামাখ্যা থেকে ১১ জন পুরোহিত এনে মহাযজ্ঞও করালেন।
বীরভূম, ২৯ এপ্রিল : বিজেপিকে হিন্দুত্বের শিক্ষা দিতে কঙ্কালীদেবীর পুজোয় মাতলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কামাখ্যা থেকে ১১ জন পুরোহিত এনে মহাযজ্ঞও করালেন। সঙ্কল্প করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। উদ্দেশ্য এলাকায় শান্তি স্থাপন আর বিজেপিকে হিন্দুত্বের শিক্ষা দেওয়া। সেই উপলক্ষেই শনিবার সকালে থেকে পুজোপাঠ শুরু হয়েছিল। শুরু হয়েছিল ৫১ কিলো কাঠ ও ২৫ কিলো ঘিয়ের যজ্ঞ।
একবারে রাজকীয় বন্দোবস্ত। কেনই বা হবে না? ক'দিন ধরেই কি না ঘটছে বীরভূমে! বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ন'জনের। তারপর বিজেপি মহামিছিলের দিনেই ভাঙচুর করা হয়েছে তৃণমূলের আমোদপুর পার্টি অফিস। এরকম একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সেই অশান্ত পরিবেশকে শান্ত করতেই না এই পূজার্চনার আয়োজন!

অনুব্রতবাবু শুধু মহাযজ্ঞই করলেন না, এই মহাযজ্ঞ ও কঙ্কালীপুজোয় সঙ্কল্প করলেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কঙ্কালীতলায় মহাযজ্ঞের পাশাপাশি দুর্গা, মহাদেব, চণ্ডী, শান্তি ও নারায়ণ পুজো করা হয়।
অনুব্রতবাবু বলেন, আমি আমি হিন্দু ঘরের ছেলে। নিয়মিত পুজো পাঠ করি। বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে ৩০০ বছর ধরে। নিত্য শিব পুজোর রীতি আছে বাড়িতে। এই তো ক'দিন আগেই বেলুড় থেকে ১১ জন ব্রাহ্মণ এনে পুজো করা হল বাড়িতে। যজ্ঞের আয়োজন করেছিলান তারাপীঠ মন্দিরেও। এবার দলের ভালোর জন্য, এলাকায় শান্তি স্থাপনের জন্য যজ্ঞ কঙ্কালীতলায়।












Click it and Unblock the Notifications