বিজেপির ২০১৯-চ্যালেঞ্জ নিলেন অনুব্রত, সুপ্রিম-জয়ে দিলীপকে ‘পাগলের প্রলাপ’ কটাক্ষ
পঞ্চায়েতের চূড়ান্ত মামলায় সুপ্রিম কোর্টে হেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছেড়েছিলেন, কার কত কব্জির জোর দেখা যাবে ২০১৯-এ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন অনুব্রত মণ্ডল।
পঞ্চায়েতের চূড়ান্ত মামলায় সুপ্রিম কোর্টে হেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঙ্কার ছেড়েছিলেন, কার কত কব্জির জোর দেখা যাবে ২০১৯-এ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ওসব পাগলের প্রলাপ, ২০১৯-এর 'শান্তিপূর্ণ ভোটে'ই তাহলে দেখা যাবে কার কত দম।

শুক্রবার সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায় তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের পক্ষে যাওয়ার পরই বীরভূমে শুরু হয়েছিল বিজয় উল্লাস। বিজয়ী প্রার্থীরা সামিল হয়েছিলেন সেই বিজয় উৎসবে। তখন বীরভূম তৃণমূলের মুখ অনুব্রত বিজেপিকে এক হাত নেন। এবার ২০১৯ তত্ত্বে বিজেপির চ্যালেঞ্জ নিয়ে জানিয়ে দেন, ফের বিগ জিরো পাবে বিজেপি। কার কত দম, ফের দেখিয়ে দেব ২০১৯-এ।
অনুব্রত মণ্ডলের গড়ে জেলা পরিষদের ৪২টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু তৃণমূল প্রার্থীরা জয়টিকা পড়তে পারেননি, আদালতে মামলাটি আটকে থাকায়। এদিন সেই আইনি গেরো কেটে গেল। সুপ্রিম কোর্ট রায় দিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের বিজয়লাভের শংসাপত্র দেওয়া যাবে।
এই রায় শুনে অনুব্রত মণ্ডল বলে, জয় হল উন্নয়নের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে আরও ত্বরাণ্বিত হবে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে। উল্লেখ্য, ভোটের আগে থেকেই অনুব্রত মণ্ডল সুর তুলেছিলেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। ফলে জয় তাঁদেরই হবে।
তারপরই দেখা গিয়েছিল একের পর এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বী তৃণমূল। বিরোধীদের অভিযোগ ছিল, বীরভূমে হিংসায় জয় হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে অনুব্রত জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টও রাজ্যের উন্নয়নের জয়কে স্বীকৃতি দিল।
এদিন আদালতের রায়কে স্বাগতি জানিয়েই বিজেপি রাজ্য সভাপতি ব্যাখ্যা করেছিলেন, আদালতের রায়ে জিতলেও ২০১৯-এ হবে আসল লড়াই। সেই লড়াইয়ে আমরাই জিতব। ২০১৯-এ গণতন্ত্রের জয় হবে। তখনই দেখা যাবে কার কত কব্জির জোর। রাহুল সিনহাও তৃণমূলকে একহাত নিয়ে জানিয়েছেন, তৃণমূলের বাহুবলীদের ২০১৯-এই বুঝিয়ে দেব। ২০১৯-এ জনতার রায়ে জিতবে বিজেপিই।
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত দিলীপ-রাহুলদের বক্তব্যকে তাচ্ছিল্যের ভঙ্গিতে উড়িয়ে দিয়ে বলেন- ওসব পাগলের প্রলাপ। আর যদি চ্যালেঞ্জ জানায়, তাহলে গ্রহণ করছি সেই চ্যালেঞ্জ। ২০১৯-এ আমরা দেখিয়ে দেব, কার কত দম। যাকে দিয়েই ভোট করাক কোনও ফারাক হবে না। ২০১৯-এর ফলাফল প্রকাশের পরই বুঝতে পারবে বিজেপি।












Click it and Unblock the Notifications