Anisur Lashkar: জয়নগরে তৃণমূল নেতা খুনে মাস্টারমাইন্ড আনিসুর লস্কর গ্রেফতার
তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। ধৃত ব্যক্তির নাম আনিসুর লস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি খুন ও জড়িত সন্দেহে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা ছাড়াও জমিজমা নিয়েও বিরোধ এই খুনের পিছনে রয়েছে। এমনই মনে করা হচ্ছে।
আনিসুর লস্করের নাম শুরু থেকেই মৃতের পরিবারের তরফ থেকে করা হচ্ছিল। এফআইআর- এও এই ব্যক্তির নাম আছে। এই আনিসুরই গোটা খুনের মাস্টারমাইন্ড। এমনই মনে করছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই আনিসুর পলাতক ছিল। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। শেষপর্যন্ত নদিয়ার হরিণঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

অত্যন্ত পাকা মাথায় এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই ওই তৃণমূল নেতার উপর নজরদারি চালানো হয়েছিল। গোটা এলাকা রেইকি করে নিয়েছিল দুষ্কৃতীরা। মোতালেফ নামে এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে থেকে তৃণমূল নেতার গতিবিধির উপর নজর রাখা হত।
খুনের সময় দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। দুটি বাইক আটক করেছে পুলিশ। দাবি করা হয়েছে, ওই দুটিই খুনের সময় ব্যবহার হয়েছে। তার মধ্যে একটিতে মসিবুর রহমান লস্করের নাম লেখা আছে। ওই ব্যক্তি সিপিএম কর্মী। অন্য বাইকটির রঙ লাল। সেটিও সিপিএম কর্মীর পরিবারের বাইক বলে জানা গিয়েছে।
ঘটনার পরই শাহরুল শেখ নামে এক ব্যক্তিকে পাকড়াও করেছিল পুলিশ। তার মুখ থেকে 'বড়ভাই' কথাটি পাওয়া যায়। কে এই 'বড়ভাই'? খুনের সুপারি দেওয়ার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কতটা? সেই প্রশ্ন উঠেছিল খোদ তদন্তকারীদের মধ্যেই।
এখনও এই ব্যক্তির খোঁজ পায়নি পুলিশ। জানা গিয়েছে, মোট পাঁচজন গ্রেফতার হয়েছে এই খুনের ঘটনায়। পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হবে এই বিষয়ে। তখন সকলের পরিচয় জানানো হবে। এই কথা জানা গিয়েছে। খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন। দিন দিন তার ক্ষমতা ও অর্থবল বাড়ছিল বলে খবর।












Click it and Unblock the Notifications