Amit Shah: ফের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ! ক'দিনের কর্মসূচি, কোথায় কোথায় যাবেন তিনি, একনজরে
Amit Shah: ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাত পৌনে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সোজা নিউটাউনের একটি হোটেলে যাবেন বিজেপির প্রাক্তন সভাপতি।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ অমিত শাহ যাবেন ভবাণীপুরের একটি গুরুদ্বারে। সেখান থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। সেখান থেকে সোজা নিউটাউনের হোটেলে ফিরে যাবেন।

নিউটাউনের হোটেলে বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এই বৈঠক হতে পারে প্রায় ঘন্টা তিনেক। সেখান থেকে বিকেলের দিকে ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠকে যাবেন অমিত শাহ। সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
গতমাসের শেষের দিকে কলকাতায় বিজেপির কর্মসূচিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন ২০২৬-এ রাজ্যে সরকার পরিবর্তন করতে হলে ২০২৪-এ মোদীকে জেতাতে হবে। তিনি রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষ, দুর্নীতি, তুষ্টি ও সিন্ডিকেটের অভিযোগ করেছিলেন।
অমিত শাহ এবারের সফরে লোকসভা নির্বাচনে রাজ্যে দলের রণকৌশল চূড়ন্ত করবেন বলে সূত্রের খবর। আগের সফরে তিনি প্রত্যেকটা লোকসভা ধরে রিপোর্ট চেয়েছিলেন। সেই অনুযায়ী, কী রকম প্রার্থী হবে, সংগঠনকে কীভাবে এদিয়ে নিয়ে যেতে হবে, কোনও ধরনের কর্মসূচি নিতে হবে, সেইসব নিয়েই নিউটাউনের হোটেলে আলোচনার সম্ভাবনা।
ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ বক্তব্য পেশ করবেন। গত মাসে ধর্মতলার সভায় তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, মোদীর শাসনে এগিয়ে দেশ, পিছিয়ে বাংলা। দেশের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা এই বাংলাতেই। সভায় তিনি ২০২৬-এর টার্গেট বেঁধে দিয়ে বলেছিলেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি।
এর আগে বাংলা সফরে এসে অমিত শাহ রাজ্য বিজেপির নেতাদের লোকসভা নির্বাচনে ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। যদিও ২০১৯-এর নির্বাচনে রাজ্য থেকে বিজেপি ১৮ টি আসন পায়। পরে অবশ্য বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং দলবদল করেন।
ইতিমধ্যেই বিজেপির তরফে রাজ্যের চারটি করে লোকসভা আসন পিছু একজন করে স্পেশাল অবজার্ভার নিয়োগ করেছে। এছাড়াও রাজ্যের ৪২ টি লোকসভা আসন ধরে সাংগঠনিক জেলা তৈরি করেছে গেরুয়া শিবির। সেই অনুযায়ী কোন আসনে জয়ের সম্ভাবনা, কোন আসনে তীব্র লড়াই হতে পারে, কোন আসনে হার হতে পারে, তা নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী আলোচনার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications