বিজেপি নেতাদের সমস্ত ‘ছুটি’ বাতিল! ২০২১-এর বিধানসভা ভোটের আগে ‘তৈরি’ হওয়ার নির্দেশ অমিত শাহের
বিজেপি নেতাদের ‘ছুটি’ বাতিল! ২০২১-এর আগে ‘তৈরি’ হওয়ার নির্দেশ অমিত শাহের
বিজেপি প্রস্তুত হচ্ছে বিধানসভা নির্বাচনের জন্য! কঠিন লড়াইয়ে নামার আগে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জরুরি ঘোষণা করে গেলেন। তাঁর নির্দেশে ছুটি বাতিল হয়ে গেল বঙ্গ বিজেপি নেতাদের। জনপ্রতিনিধিদেরও ছুটি বাতিল করে রাজ্য দখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি। মিশন শুরু হচ্ছে পুরভোটের আগেই।

২০২১-এর আগে প্রস্তুতির বিজেপি
বিজেপি পাখির চোখ করেছে ২০২১ বিধানসভা নির্বাচনকে। আর তার আগে আসন্ন পুরভোট হল বিজেপির কাছে মিনি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তিনি কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছেন ২০২১-এর আগে কতটা প্রস্তুত বিজেপি তা দেখার জন্য। তারপর ২০২১-এ তিনি উল্টে দিতে চান।

নেতা ও জনপ্রতিনিধিদের ছুটি বাতিল
তাই আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির রাজ্য নেতা ও জনপ্রতিনিধিদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কলকাতায় শহিদ মিনার ময়দানে রবিবার জনসভার পর দলীয় বৈঠকে তিনি বিজেপি নেতাদের এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, নিউটাউনের হোটেলে দলীয় বৈঠকে অংশ নেন সাংসদ, বিধায়ক, রাজ্য পদাধিকারী, জেলার সভাপতি ও পর্যবেক্ষকরা।

সাতদিন ২৪ ঘণ্টা করে কাজ
অমিত শাহ তাঁদের উদ্দেশ্যে বলেন, বিধানসভা নির্বাচন পর্যন্ত সাতদিন ২৪ ঘণ্টা করে কাজ করতে হবে। নির্বাচন জিততে গেলে জরুরি ভিত্তিতে এই কাজ করা প্রয়োজন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এবং সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।

জয় পেতে গেলে পথে নামতে হবে
অমিত শাহ এদিন রাজ্য নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বিজেপিই জিতবে। তবে তার জন্য আপনাদেরই সবথেকে বেশি দায়িত্ব নিতে হবে। রাজ্যের সব নেতাদের তিনি পথে নামতে বলেন। বলেন, শুধু সারদা-নারদার ভরসায় বসে থাকলে কাঙ্খিত জয় আসবে না, জয় পেতে গেলে পথে নামতে হবে, বুক চিতিয়ে লড়াই করতে হবে।












Click it and Unblock the Notifications