Amit Shah: মার্চ শেষেই বাংলায় অমিত শাহ! রাজ্য সভাপতি নিয়ে জল্পনার মাঝেই দিল্লিতে মালব্য-সুকান্তর শাহি সাক্ষাৎ
Amit Shah: বঙ্গ বিজেপির এখনও সংগঠনে রদবদল হয়নি। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেনিয়ে জল্পনা অব্যাহত। এরই মাঝে এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর বঙ্গ বিজেপি সূত্রেই। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে বাংলায় আসছেন অমিত শাহ।
চলতি মাসেই হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন। তার আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সারলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর শাহী সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দিল্লিতে শাহের বাসভবনে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্যও।

জানা গিয়েছে, বাংলার সংগঠনকে মজবুত করতে অমিত শাহকে তিন দিনের জন্যে বাংলায় আসতে অনুরোধ করেছেন সুকান্ত মজুমদার ও অমিত মালব্য। রাজ্য কমিটিকে নিয়ে একসঙ্গে বসে বিধানসভা ভোটের রণকৌশল তৈরি করার জন্য শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেই খবর সূত্রের। তবে ঠিক কবে বাংলায় শাহ আসবেন, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
বুধবার বালুরঘাটে সুকান্ত মজুমদার অবশ্য বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নানা পরিস্থিতি নিয়ে কথা হয়। মঙ্গলবারও অভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা হয়েছে। এপ্রসঙ্গে বাইরে কিছু বলতে চাননি তিনি। তবে মার্চের শেষেই শাহের বাংলায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। সূত্রের খবর, ১৮টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত ১২টি রাজ্যে সংগঠনের অন্দরের নির্বাচন সেরে ফেলছে বিজেপি।
এখনও পর্যন্ত অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, সিকিম, নাগাল্যান্ড, রাজস্থান, অসম, চণ্ডীগড়, গোয়া, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মেঘালয় ও লাক্ষাদ্বীপে বিজেপির সংগঠনে রদবদল করা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও তা সম্ভব হয়নি। আরজি কর কাণ্ডের প্রতিবাদের জেরে দেরিতে শুরু হয়েছে সংগঠনের রদবদল। তবে বাংলাতেও পরবর্তী রাজ্য সভাপতি পদে যে রদবদল ঘটতে চলেছে তা সন্দেহাতীত। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।












Click it and Unblock the Notifications