বছর ঘুরতেই মতুয়া গড়ে আসছেন অমিত শাহ! সিএএ নিয়ে প্রতিশ্রুতি মিলবে, আশায় শান্তনু ঠাকুর
বছর ঘুরতেই মতুয়া গড়ে আসছেন অমিত শাহ! সিএএ নিয়ে প্রতিশ্রুতি মিলবে, আশায় শান্তনু ঠাকুর
রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বনগাঁর বিজেপি (bjp) সাংসদ শান্তনু ঠাকুর (shantanu thakur)। জানিয়েছেন তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সিএএ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে জানুয়ারিতেই ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ (amit shah)।

পাখির চোখ মতুয়া ভোট
বিজেপি ও তৃণমূল উভয়েই টার্গেটে রাজ্যে কোটি কোটি মতুয়া ভোটার। ২০১৯-এ মতুয়াদের আশীর্বাদ পেয়েছিল বিজেপি। বনগাঁর পাশাপাশি রানাঘাট এসেছিল বিজেপির ঝুলিতে। কিন্তু তারপর থেকে অনেক কিছুই ঘটে গিয়েছে। সংসদে নাগরিকত্ব আইন পাশ হয়ে গিয়েছে। কিন্তু তা এখনও লাগু হয়নি। লোকসভা নির্বাচনে বিজেপি প্রচার করেছিল, উদ্বাস্তু সমস্যার সমাধান করবে সিএএ। কিন্তু ভোটের আগে মতুয়াদের কাছেই বা কি জবাব হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহলে।

করোনার ভ্যাক্সিনেশনের পরে সিএএ
সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেছিলেন আগে করোনার ভ্যাকসিন চালু হবে সারা দেশে, তারপর সিএএ প্রয়োগ করবে কেন্দ্রীয় সরকার। তিনি বলেছিলেন করোনা পরিস্থিতিতে এত বড় অভিযান সম্ভব নয়।

সরব শান্তনু ঠাকুর
গত দিন কয়েক ধরেই নাগরিকত্ব আইন প্রয়োগের দাবিতে সরব হয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছিলেন, নাগরিকত্ব আইন প্রয়োগ করতে না পারলে নমঃশূদ্র মতুয়ারা রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শান্তনু ঠাকুর প্রশ্ন করেছিলেন, কিসের ভয়ে সরকার সিএএ চালু করতে পারছে না। তিনি প্রশ্ন করেছিলেন, তাহলে কি পশ্চিমবঙ্গের তিন কোটি মতুয়া রাস্তায় নামবেন? অমিত শাহের কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতির সঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর করার কোনও সম্পর্ক থাকতে পারে না। এদিনে শান্তনু ঠাকুর বেসুরো হয়েছেন, দেখে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, বিজেপি, তাঁকে (শান্তনু) কাজ করতে দেবে না। তিনি তৃণমূলে স্বাগত।

শান্তনু ঠাকুরকে ডেকে আলোচনা
সোমবার রাতে বাইপাসের ধারের এক হোটেলে মিলিত হয়েছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন, দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো নেতারা। সেখানে ডাকা হয়েছিল শান্তনু ঠাকুরকে। তাঁর ক্ষোভের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। বৈঠকের পরে সবাই জানান কোনও দূরত্ব কিংবা মনোমালিন্য নেই। শান্তনু ঠাকুর বলেন, বিজেপিই তো সিএএ পাশ করিয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, তৃণমূল আগে বলুক তারা সিএএকে সমর্থন করছে। যদিও সূত্রের খবর, শান্তনু ঠাকুরকে রাজ্য বিজেপির নেতৃত্বের তরফে সিএএ নিয়ে প্রকাশ্যএ মুখ খুলতে বারণ করা হয়েছে।

অমিত শাহ আসতে পারেন জানুয়ারিতে
১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মবার্ষিকীতে অমিত শাহের রাজ্যে আসতে পারেন বলে জানা গিয়েছিল। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি হাওড়ার ডুমুরজলায় একটি সমাবেশেও তাঁর যোগ দেওয়ার কথা। যদিও সেই সফরের চূড়ান্ত সূচি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। এরই মধ্যে শান্তনু ঠাকুর জানিয়েছেন, অমিত শাহ বনগাঁর ঠাকুরনগরে গিয়ে সভা করতে পারেন জানুয়ারির ১৯ কিংবা ২০ তারিখ নাগাদ। সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করতেই এই সভা। তিনি সিএএ নিয়ে অনিশ্চয়তা দূর করতে পারবেন বলেই মনে করছেন শান্তনু ঠাকুর। তবে এই সফরসূচি চূড়ান্ত হয়নি।












Click it and Unblock the Notifications