'আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই'! SIR আবহে মতুয়াদের বড় আশ্বাস দিলেন অমিত শাহ, কী জানালেন তিনি?
ভোটার তালিকা সংশোধন অর্থাৎ SIR নিয়ে মতুয়া সমাজের মধ্যে এখন বেশ উদ্বেগ তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিকে হাতিয়ার করেই এখন বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা ভোট, তাই এই সমস্যা বিজেপির ভোটে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে দলের অন্দরেও চলছে আলোচনা।

আর এই আবহে মতুয়া ইস্যুতে রাজ্য বিজেপি নেতাদের চিন্তা কমানোর উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল দলের কোর গ্রুপের বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ভারতে আসা অমুসলিম সমস্ত শরণার্থীরা নাগরিকত্ব পাবেন, পাশাপাশি মতুয়াদের বিষয়টিও তিনি নিজে দেখবেন।
মতুয়া ভোট নিয়ে কেন চাপ বাড়ছে বিজেপির?
২০২১ সালের বিধানসভা ভোটে মতুয়া সমাজের এক বড় অংশ বিজেপির পক্ষে ছিল। কিন্তু SIR নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই মতুয়াদের পাশে দাঁড়ানোর কথা সব রাজনৈতিক দলই বলছে, এমনকি শাসক তৃণমূলও। ফলে বিজেপির সেই সমর্থন আর আগের মতো থাকবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের সময়ও তৃণমূল এই একই বিষয় তুলে বিজেপিকে খোঁচা দেয়। রাজনৈতিক মহলের মতে, SIR-এ মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে যে প্রশ্ন উঠবে, তা আগেই বুঝে গিয়েছিলেন অমিত শাহ। তাই সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি বলেন যে, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভয়ের কিছু নেই, কেউ তাঁদের কোনও ক্ষতি করতে পারবে না।
কোর গ্রুপ বৈঠকে কী সিদ্ধান্ত?
গতকাল রাতে বিজেপির কোর গ্রুপের বৈঠকে মতুয়া প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য নেতা।
সূত্রের খবর অনুসারে, সেখানে অমিত শাহ বলেন যে, ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই। বিষয়টি তিনি নিজেই দেখবেন। তাই রাজ্য নেতৃত্বকে এই নিয়ে বাড়তি চিন্তা না করার পরামর্শ দিয়েছেন তিনি।
তৃণমূলকে আক্রমণ করে কী বললেন শাহ?
বৈঠকটি হওয়ার পর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে অমিত শাহ। সেখানে তিনি লিখেছেন যে, "অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানানোর রাজনীতির কারণেই তৃণমূল সরকার বিদায়ের পথে। আজ আমি কলকাতায় পশ্চিমবঙ্গ বিজেপির কোর গ্রুপ এবং প্রবাসী কার্যকর্তাদের সাথে বসে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক করেছি।"
তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যে নারীরা নিরাপদ নন। জমি অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে, দুর্নীতিতে মানুষ নাজেহাল অবস্থায় রয়েছে। তিনি জানান যে, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরবে। পাশাপাশি তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে।












Click it and Unblock the Notifications