বিজেপির বেলুন চুপসে গেল ছ'মাসেই, একুশের আগে ভরাডুবিতে রিপোর্ট চান অমিত শাহ
লোকসভা ভোট হয়েছে মাত্র ছ-মাস আগে। সেই ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। তারপর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই মুখ থুবড়ে পড়ল বিজেপি।
লোকসভা ভোট হয়েছে মাত্র ছ-মাস আগে। সেই ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। তারপর রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি। কী তার কারণ। কেন ছ-মাসেই চুপসে গেল বিজেপির সাধের বেলুন। তা জানতে চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিশ শাহ।

জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট দাবি
অমিত শাহের কাছ থেকে সেই বার্তা আসার পরই রাজ্য বিজেপি নড়েচড়ে বসল। জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য নেতৃত্ব। তিনটি বিধানসভা কেন্দ্রে হারের কারণ কী কী হতে পারে তা জানিয়ে বুথভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা সভাপতিদের কাছ থেকে। শনিবার সেই রিপোর্ট জমা পড়ছে বিভিন্ন জেলার তরফ থেকে।

বিপর্যয়ের কারণ জানতে
জেলা সভাপতিদের দেওয়া রিপোর্ট আসার পরই রাজ্য নেতৃত্ব তা সর্বভারতীয় সভাপতির কাছে পাঠাবে। তার আগে রাজ্যে এই বিপর্যয়ের কারণ জানতে চুলচেরা বিশ্লেষণের জন্য বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। শনিবারই এই বৈঠক বসছে রাজ্য দফতরে। উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদর সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়, মুকুল রায় ও রাহুল সিনহারা।

দলে রদবদল নিয়েও কথা হবে
বিজেপি রাজ্য নেতৃ্ত্বের তরফে জানানে হয়েছে, ৭ ডিসেম্বর অমিত শাহ কলকাতায় আসছেন। ওইদিন তিনি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন। সেদিন দলে রদবদল নিয়েও কথা হতে পারে। সম্প্রতি বিজেপির রাজ্য নেতৃত্বে রদবদলের কথা উঠেছে। উপনির্বাচনে হারের পর সেই রদবদল ত্বরাণ্বিত করার চেষ্টা চালানো হচ্ছে।

ছ-মাসের মধ্যেই সাফ বিজেপি
উল্লেখ্য, এবার লোকসভায় কালিয়াগঞ্জ ও খড়গপুরে যথাক্রেম ৫৭ হাজার ও ৪৭ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই বিশাল ব্যবধান কী করে ছ-মাসের মধ্যেই মুছে গেল, তা জানতে চাইছে বিজেপি নেতৃত্ব। কালিয়াগঞ্জে তৃণমূল ২৪১৮ ভোটে জয়ী হয়। আর বিজেপির রাজ্য সভাপতির ছেড়ে যাওয়া আসনে তৃণমূল জয়ী হয় ২০ হাজারেরও বেশি ভোটে।

পরাজয়ে বিস্মিত বিজেপি
এই দুই আসনে পরাজয়ই বিজেপিকে আরও বিস্মিত করে তুলেছে। করিমপুর না হয় তৃণমূল কংগ্রেসের জেতা আসন, সেই আসনে জিততেই পারে তৃণমূল। কিন্তু যেখানে তৃণমূল কোনওদিন জেতেনি, যেখানে বিজেপি বিগত নির্বাচনে এত ভোটে এগিয়ে ছিল, তা মুছে পেলে তৃণমূল কী করে জিতে গেল, জানতে চাইছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications