ফের রাজ্য সফরে অমিত শাহ, এবার কি টার্গেট সাগরদিঘি?
ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এপ্রিল মাসের পর মে মাসে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কেষ্টহীন বীরভূমে সভা করে সরকার ফেলার কথা বলেছিলেন তিনি। মে মাসে রাজ্য সফরে এসে মুর্শিদাবাদে সভা করবেন তিনি। উপনির্বাচনের পর থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি হট পয়েন্ট হয়ে রয়েছে বঙ্গ রাজনীতিতে।
বীরভূমের পর হঠাৎ করে মুর্শিদাবাদকে সফরের দ্বিতীয় পর্যায়ে বেছে নিয়েছেন অমিত শাহ। তাতে সুগভীর রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে সাগরদিঘিতে গোহারা হেরেছে তৃণমূল কংগ্রেস। আর এই হারের নেপথ্যে কাজ করেছে বাম-কংগ্রেস জোট। সঙ্গে গেরুয়া শিবিরের মদত।

তারপর থেকে বাম-কংগ্রেস-বিজেপি জোটের জল্পনা পারদ চড়েছিল। সাগরদিঘির উপনির্বাচনের পর বিজেপি শিবিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট বেধে লড়াইয়ের কথা শোনা গিয়েছিল। অর্থাৎ বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একমঞ্চে তাঁদের দেখাও গিয়েছিল।
তারপরে আবার সেই মুর্শিদাবাদেই অমিত শাহের সভা হওয়ার খবরে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর ৮ মে মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যবর্তী কোনও একটি জায়গায় সভা করবেন অমিত শাহ। তবে সভা ঠিক কোন জায়গায় এবং কোথায় হবে তা এখনও সুনিশ্চিত করে বলা হয়নি। তারপরের দিন ৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের আগের দিন কেষ্টর গড় বীরভূমে সভা করে অমিত শাহ রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে লোকসভা ভোটে ৩৫টি আসন পাবে বিজেপি আর ৩৫টি আসন পেলেই বাংলায় মমতার সরকার পড়ে যাবে। অমিত শাহের এই হুঁশিয়ারিকে সংবিধান বিরোধী দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেছিলেন রাজ্যকে অশান্ত করে তোলার চক্রান্ত করছে বিজেপি। রাজ্যের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেছেন রাজ্যে এনআরসি এবং সিএএ লাগু করতে চাইছে মোদী সরকার। ভোটের আগে ফের অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে।












Click it and Unblock the Notifications