গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ! পুলিশি তদন্ত শুরু
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগ উঠলো বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয় ওই সদ্যোজাত শিশুর।
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগ উঠলো বালুরঘাট জেলা হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয় ওই সদ্যোজাত শিশুর। শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে গেলেও, সেখান থেকে ফিরিয়ে আনা হয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বালুরঘাট থানায় এফআইআর করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

বালুরঘাট থানার নুনইল গ্রামের বাসিন্দা অর্পিতা দাসের সঙ্গে অযোধ্যা গ্রামের কৃষিজীবী সাধন দাসের বিয়ে হয়। অর্পিতা দেবীর প্রথম সন্তান প্রসবের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার অর্পিতা দেবীর একটি কন্যা সন্তান হয়।
পরিবারের দাবি, শিশুটি সুস্থ ছিল। কিন্তু এইদিন সকালে জানানো হয় শিশুটি মারা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দুধ খাওয়াতে গিয়ে শ্বাস আটকে শিশুর মৃত্যু হয়। এরপর ভালোভাবে দেখার পর পরিবারের লোকেরা দেখতে পায় শিশুর শরীরের এবং মুখের একদিকে আঘাতের চিহ্নর পাশে রক্ত জমাট বেঁধে আছে। ঠোঁটের কোণে রক্তও দেখা যায়।
পরিবারের তরফে শিশুটিকে নিয়ে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ময়না তদন্তের দাবি জানায়। পরিবারের লোকেরা হাসপাতালে যেতেই দেখে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের সন্দেহ আরও বাড়ে। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত হচ্ছে। বিষয়টি নিয়ে পরিবারের তরফে বালুরঘাট থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications