হাওড়ায় ছয় মাসের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ!
ছয় মাসের একটি শিশুকে তার বাড়ি থেকে চুরি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার সকালে হাওড়া জেলার আমতা এলাকার একটি খাল থেকে এই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, যারা এই শিশুকে খুন করেছে তারা এই শিশুর বাবা মাকে বেহুঁশ করে শিশুটিকে চুরি করে।

শনিবার সকালে আমতার বসন্তপুর আলতারা মহিষপাড়াতে একটি নির্মীয়মান বাড়ি থেকে কিছুটা দুরে একটি খালে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় । যারা এই শিশুকে খুন করেছে তাদের গ্রেফতার করার দাবি করে মৃতদেহ কোলে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তার মা দোলন মালিক । তাতে সামিল হয় এলাকার লোকজন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
হাওড়া ( গ্রামীণ) পুলিশ সুপার সৌম্য রায় জানিয়েছেন যে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
কেন এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সঞ্জয় মালিক ও দোলন মালিকের একটি কন্যা সন্তান আছে। মাস ছয়েক আগে তাদের একটা পুত্র সন্তান হয় । শুক্রবার রাতে সঞ্জয় ও দোলন সন্তানদের সাথে ঘুমোচ্ছিলেন । সকালে উঠে তারা দেখে শিশু পুত্র নেই। তার খোঁজ শুরু করে তারা। এই দুজনকে বেহুঁশ করে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় এটা জানার পর ওই এলাকার লোকজন শিশুটিকে খুঁজতে গিয়ে একটি খালে তার মৃতদেহ উদ্ধার করে। কীভাবে এই বাড়িতে ঢুকে এই দম্পতিকে বেহুঁশ করে শিশুটিকে চুরি করা হয়েছে ও এর পেছনে কী কারণ তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications