ওপার বাংলার আকাশে ঘূর্ণাবর্ত, ভিজছে এপার বাংলা, নিস্তার নেই মঙ্গলেও
বাংলাদেশের উপর দিয়ে আড়াআড়ি অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাব শুধু ওপার বাংলায় পড়েনি, এপার বাংলাকেও ভিজিয়েছে বৃষ্টিতে।
ওপার বাংলার আকাশে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে এপার বাংলায় দুর্যোগের ঘনঘটা। ক্যালেন্ডারে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানাল, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থাকবে মেঘলা আকাশ। তাপমাত্রা কমবে বলেও জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশের উপর দিয়ে আড়াআড়ি অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাব শুধু ওপার বাংলায় পড়েনি, এপার বাংলাকেও ভিজিয়েছে বৃষ্টিতে। রাজ্যের একাধিক জেলায় বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। সোমবার সকালেই হুগলির চন্দনগর থেকে শুরু করে শ্রীরামপুর, চুঁচুড়ায় যেমন বৃষ্টি হয়েছে, তেমনই নদিয়া-বর্ধমানেও বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে এ রাজ্যেও ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। হেমন্তেও তাই বর্ষার আবহ। পারদও নিম্নমুখী তার জেরে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিনভর মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। তবে বিকেল থেকেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
এবার দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো- সবকটি উৎসবই এবার ডুবিয়ে ছাড়ল বৃষ্টি। বর্ষা বিদায় নিয়েছে বলে হাওয়া অফিস জানিয়ে দিলেও, নিম্নচাপের প্রভাবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের আগেই নামল বৃষ্টি। এর আগে কালীপুজো ও দীপাবলির আনন্দও মাটি করে ছেড়েছিল এবারের পাগল আবহাওয়া।












Click it and Unblock the Notifications