কয়লা-কাণ্ডে নয়া মোড়! অভিষেকের শ্যালিকার স্বামী এবং শ্বশুরকে ডাকল সিবিআই
কয়লা-কাণ্ডে এ বার নোটিস তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তার জন্য আগামী ১৫ মার্চ ডেকে পাঠানো হয়েছে
কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ভোটের আগে বাংলায় কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে কয়লা পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজী ওরফে লালার খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে তদন্তকারীদের ধারণা তদন্ত শুরু হতেই দেশ ছেফড়ে দুবাইতে গা ঢাকা দিয়েছেন লালা। অন্যদিকে, এই মামলার বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকাকে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা।

সিবিআই নজরে অভিষেকের দুই আত্মীয়
সিবিআই নজরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই আত্মীয়। জানা গিয়েছে, ইতিমধ্যে কয়লা-কাণ্ডে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরাকে নোটিশ দিয়েছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, বেশ কিছু বিষয়ে এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আগামী ১৫ মার্চ সিবিআই দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। শুধু অঙ্কুশই নন, বাবা পবন অরোরাকেও জেরা করতে চায় সিবিআই। তাঁকেও ওই দিনই হাজিরা দিতে বলা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই তদন্ত করতে চান কেন্দ্রীয় আধিকারিকরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয় সিবিআই
গত কয়েকদিন আগেই সিবিআই-এর তরফ থেকে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয় সিবিআই। সেই সময় অভিষেক কিংবা তাঁর স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। তবে পরে নোটিশের প্রাপ্তি স্বীকার করেন রুজিরা। সিবিআইকে দেওয়া চিঠিতে তিনি লেখেন, ১১ টা থেকে ৩ টের মধ্যে সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে যেতে পারেন। তবে তাঁকে কোন তদন্তে ডাকা হয়েছে তা তিনি জানেন না বলে সিবিআইকে সেই সময় জানান। তবে তদন্তে সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। সেই মতো তাঁকে প্রায় ঘন্টাখানেক তদন্তকারী আধিকারিকরা জেরা করেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক বিষয়ে জেরা করা হয় ডায়মন্ডহারবারের সাংসদের স্ত্রীকে

জেরা করা হয় শ্যালিকাকেও
কয়লা কাণ্ডে মেনকা গম্ভীর অর্থাৎ অভিষেকের শ্যালিকাকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁকে জেরা করার জন্য বিশেষ দল গঠন করে সিবিআই। ওই দলে একাধিক মহিলা আধিকারিককে রাখা হয়। সেই মহিলা আধিকারিকদের সঙ্গে নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর দল যায় পঞ্চসায়সের কমপ্লেক্সে। কমপ্লেক্সের বাইরে গাড়ি রেখেই সিবিআই আধিকারিকরা পায়ে হেঁটে সেখানে মেনকা গম্ভীরের ফ্ল্যাটে পৌঁছে যান। প্রায় কয়েক ঘন্টা ধরে জেরা করা হয় তাঁকে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে জেরা করা হয়। শ্যালিকার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই রুজিরাকে জেরা করা হয়।

সিবিআইয়ের হাতে কি নয়া তথ্য!
সিবিআই সূত্রের দাবি কয়লা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্যের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এব্যাপারে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে। সূত্রের আরও দাবি সেই অ্যাকাউন্টটি মেনকা গম্ভীরের। সেই অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠানো হয়েছে। সেই অ্যাকাউন্টের সূত্র ধরেই মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ। এছাড়াও প্রতিমাসে রুজিরার অ্যাকাউন্ট থেকে মেনকার অ্যাকাউন্টেও টাকা যেত। সিবিআই সূত্রের দাবি ভিনদেশে মেনকা ও রুজিরার চারটি অ্যাকাউন্ট রয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কোনও কিছু না পেয়ে এবার তাঁর স্ত্রীকে টার্গেট করা হয়েছে। ভারত ছাড়া তাঁর স্ত্রীর কোথাও কোনও অ্যাকাউন্ট নেই বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু এই বিতর্কের মধ্যে কেন অভিষেকের শ্যালিকা এবং তাঁর শ্বশুরকে এবার ডাকা হল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications