অমিত শাহ আমার বিরুদ্ধে প্রার্থী হলে খুব ভালো হত! তৃণমূল প্রার্থীর আজব আবদার ঘিরে হৈচৈ
সামনেই ভোট! তবে তুলনামূলকভাবে মালদহের ইংরেজবাজারে ভোট গ্রহণ অনেকটাই দেরিতে। কিন্তু তাতে কি! একেবারে জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী কোনও দলই।
সামনেই ভোট! তবে তুলনামূলকভাবে মালদহের ইংরেজবাজারে ভোট গ্রহণ অনেকটাই দেরিতে। কিন্তু তাতে কি! একেবারে জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী কোনও দলই।
কংগ্রেস গড় হলেও গত লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে বিজেপি। এই অবস্থায় বিধানসভা ভোট। লড়াই হাড্ডাহাড্ডি। ফলে একেবারে পথে নেমে প্রচার সারছেন তৃণমূল এবং বিজেপির প্রার্থী।

পথে নেমে জনসংযোগ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর
মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। আর নাম ঘোষণা হতেই পথে নেমে পড়েছেন কৃষ্ণেন্দু। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে কৃষ্ণেন্দু। তেমনই শনিবার সকাল থেকেই ইংরেজবাজার বিধানসভার ফুলবাড়ি-সহ একাধিক বাজারে গিয়ে জনসংযোগ করেন কৃষ্ণেন্দু। পরে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারামোড়ে খোশমেজাজে শহরবাসীর সঙ্গে আড্ডাও মারেন, চা খান, কাগজ পড়েন। কেন তৃণমূলকে ভোট দেবেন তা সাধারণ মানুষকে কার্যত চায়ে পে চর্চাতে বোঝাতে থাকেন কৃষ্ণেন্দু। আর সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য তাঁর!

শাহের সঙ্গে লড়তে চান তৃণমূল প্রার্থী!
প্রচারের মাঝেই কিছুটা মজাও করতে দেখা যায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে! কিছুটা হেসে তাঁর মন্তব্য, বিজেপি'র অমিত শাহ আমার বিরুদ্ধে প্রার্থী হলে খুব ভাল হত! হঠাৎ করে প্রার্থীর এমন ইচ্ছার কথা শুনে অনেকেই অবাক হয়ে যান। কি বলছেন তিনি? না থেমেই কৃষ্ণেন্দু বলেন, অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি লড়তেন তাহলে জাতীয় রাজনীতিতে আমি বিখ্যাত হয়ে যেতাম! মূলত মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রসঙ্গে এমনই তির্যক মন্তব্য কৃষ্ণেন্দুনারায়ণের।

এই কেন্দ্র প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে
গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও লড়াই হাড্ডাহাড্ডি হবে। কারণ লোকসভা ভোটের পর অনেক ক্ষেত্রে রাজনৈতিক কিছু পরিবর্তন হয়েছে। মালদহের রাজনীতিতেও কিছু পরিবর্তন হয়েছে। কংগ্রেস এই বিধানসভা এলাকায় যথেষ্ট শক্ত। ফলে লড়াই ভালোই হবে বলে মনে করা হচ্ছে।

কিন্তু কেন এমন মন্তব্য? বিশ্লেষণ করেছেন প্রার্থী নিজেই
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন , ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে এক বহিরাগতকে প্রার্থী করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও করেছিল। কিন্তু ইংরেজবাজারের মানুষ তাঁর উপর ভরসা করেছিলেন। এমনকি, ভরসা করে বিপুল ভোট দিয়েছিলেন সাধারণ মানুষ! কিন্তু তারপর তাঁর কোনও খোঁজ মেলেনি। আবার ভোট এসেছে। তিনিও এসেছেন। তবে এইবার মানুষ আর তাঁকে ভরসা করবেন না। এই কারণেই তিনি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে বেশি গুরুত্ব দিতে নারাজ বলেও জানালেন কৃষ্ণেন্দু।












Click it and Unblock the Notifications