সারদা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নির্বাচনের মুখে ইডির স্ক্যানারে মদনও
বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷
আশঙ্কাটা ছিলই! খুব শিঘ্রই সারদা তদন্তের গতি বাড়াতে পারে কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই জল্পনাই সত্যি হল। ভোটের মুখে সারদা-কাণ্ডে গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেকট।
গত কয়েকদিন আগেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তলব করেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার সারদা তদন্তে মদন মিত্রকে ডেকে পাঠাল ইডি। ভোটের মুখে এভাবে নোটিশ পাঠানোলে রাজনৈতিক অভিসন্ধি বলে দাবি তৃণমূলের। যদিও বিজেপির দাবি, দল কোনও তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করে না। তদন্তে যেমন উঠে আসছে সেভাবেই ইডি কিংবা সিআইডি চলছে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের।

তৃণমূল নেতা মদন মিত্রকে তলব
বাংলায় বিধানসভা নির্বাচনে ডাকে কাঠি পড়ে গিয়েছে। এই অবস্থায় ফের একবার তৃণমূল নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷ সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থীকে৷ জানা যাচ্ছে, সারদা তদন্তে বেশ কিছু নয়া তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সে বিষয়ে আরও গভীরে যেতে চান তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারনে মদন মিত্রকে জেরা করতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।

গ্রেফতারও হয়েছিল মদন মিত্র
সারদা- তদন্তে মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। প্রায় বছরখানেক জেলেও কাটাতে হয় তাঁকে। শেষ বিধানসভা নির্বাচন জেল থেকেই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে লড়েন। তবে হেরে যান। এবার সেই কামারহাটিতেই প্রার্থী করা হয়েছে তাঁকে। প্রার্থী হতেই ফের একবার সারদায় জেরার মুখোমুখি মদন। যদিও জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরেও একাধিকবার ইডি এবং সিবিআই মদন মিত্রকে তলব করেছে৷ প্রত্যেকবারই হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা৷ এবার প্রার্থী হওয়ার পর ফের নির্বাচনের আগে ইডি তাঁকে তলব করায় বিষয়টি অন্য মাত্রা পেল৷

সারদায় কুণালকে জেরা করে ইডি
সারদ-কাণ্ডে ফের কুণাল ঘোষকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত কয়েকদিন আগেই তৃণমূল নেতাকে নোটিশ গোয়েন্দাদের। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুণালকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই মতো আগামী ১১ মার্চ হাজিরা দিতে বলা হয় কুণাল ঘোষকে৷ সেই মতোও হাজিরাও দেন কুণাল। কিন্তু জেরায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। ফলে ফের একবার জেরা করা হয় তাঁকে।

সারদায় ইডির হাতে বেশ কিছু নতুন তথ্য
সূত্রের খবর, সারদা-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে ইডির। গত কয়েকদিন আগে সারদায় অন্যতম অভিযুক্ত দেবযানি মুখোপাধ্যায়কে জেরা করে সিবিআই। এছাড়াও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীদে হাতে এসেছে বেশ কিছু তথ্য। আর সেই তথ্যের ভিত্তিতেই কুণাল ঘোষকে জেরা করে ইডি। এবার সেই বিষয়ে আরও গভীরে পৌঁছতে এবার মদন মিত্রকেও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মানস ভুঁইয়াকেও তলব
সারদার পাশাপাশি অন্যান্য চিটফান্ড কাণ্ডের তদন্তেও গতি বাড়িয়েছে সিবিআই। আইকোর মামলায় ইতিমধ্যে মানস ভুঁইয়াকে তলব করা হয়েছে। এছাড়াও রোজভ্যালি মামলাতেও গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications