ভোটের আগে রাজ্য বাজেটে বড় স্বস্তি, ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
নির্বাচনের মুখে রাজ্য বাজেটে বড় স্বস্তির বার্তা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। অন্তর্বর্তী বাজেট পেশের মঞ্চ থেকেই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা অতিরিক্ত ৪ শতাংশ ডিএ পাবেন। এর ফলে এতদিন ১৮ শতাংশ হারে যে মহার্ঘ ভাতা মিলছিল, তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। নতুন এই ঘোষণায় কর্মীদের মাসিক বেতনে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি ঘটতে চলেছে।
বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া এই অন্তর্বর্তী বাজেট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ অধিবেশন। তাই ডিএ বৃদ্ধি কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ে কি না, সে দিকেই তাকিয়ে ছিল রাজ্যবাসী। সেই প্রেক্ষাপটে ডিএ বাড়ানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

এদিনের বাজেটে আরেকটি উল্লেখযোগ্য ঘোষণা হল সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে নতুন পে কমিশনের দাবিতে সরব ছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেই দাবির প্রতিফলন এবার বাজেট বক্তৃতায় ধরা পড়ল।
তবে ডিএ বৃদ্ধির পরও কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক পুরোপুরি মেটেনি। বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান ছিল প্রায় ৪০ শতাংশ। নতুন করে ৪ শতাংশ ডিএ বাড়ায় সেই ব্যবধান কিছুটা কমে দাঁড়াল ৩৬ শতাংশে। তবুও সমতুল্য ডিএ'র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া কর্মী সংগঠনগুলির অসন্তোষ পুরোপুরি মিটবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিনেই এই বড় সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ'র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে রাজ্যকে। আগামী ৩১ মার্চের মধ্যেই সেই অর্থ কর্মচারীদের দিতে হবে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে ও কত কিস্তিতে মেটানো হবে, তা ঠিক করতে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে আদালত।
সব মিলিয়ে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ডিএ বৃদ্ধি ও সপ্তম পে কমিশনের ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা দুটোই বাড়ল। তবে কেন্দ্রের সঙ্গে ডিএ ব্যবধান পুরোপুরি ঘোচে কি না, সে লড়াই যে এখনও শেষ নয়, তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications