৫০ ঘন্টা পার কুর্মিদের অবরোধ-বিক্ষোভ! থমকে সড়ক, বাতিল একাধিক ট্রেন
পেরিয়ে গিয়েছে প্রায় ৫০ ঘন্টা! ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কুর্মি সম্প্রদায়ের মানুষজন। সারনা ধর্মের স্বীকৃতি, সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তের আওতায় আনা সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন এই সম্প্রদায়ের মানুষজন। রেল এবং সড়ক আটকে চলছে এই বিক্ষোভ। যার জেরে কার্যত সম্পূর্ণ ভেঙে পড়েছে রেল এবং সড়ক যোগাযোগ।

একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল
গত বুধবার থেকে এই অবরোধ শুরু হয়েছে। যার জেরে প্রভাব রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে। ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। দীর্ঘ তিনদিন ধরে অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। আক শুক্রবারও সেই ঘটনা অব্যাহত থাকলো। এদিন নতুন করে খড়গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়গপুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে।

দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে
অন্যদিকে পুরুলিয়া- হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্যেশ্যে রওনা দিয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস। খড়গপুর ডিভিশনে আপ এবং ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ডাউনে ১৭ টি এবং আপে ২৫ টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

সমস্যায় সাধারণ মানুষ
একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা হওয়াতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
যদিও কুর্মি সমাজের এই আন্দোলকে ঘিরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বাঁকুড়ার বাসিন্দা উজ্জ্বল কুমার সেন, মধ্যমগ্রামের পঞ্চানন সরকাররা বলেন, এই ধরণের অবরোধ আর আন্দোলনের ঘটনায় বারবার সাধারণ মানুষ হায়রানির শিকার হয়। মানুষকে সমস্যায় ফেলে এই আন্দোলন কোন ধরণের সমস্যার সমাধান করতে পারেনা। অন্যদিকে রেল যাত্রী, দুর্গাপুরের বাসিন্দা প্রদ্যুৎ ঘোষ আন্দোলনকারীদের পাশে থেকে তাঁদের ন্যাহ্য দাবি পূরণে সরকারকে আলোচনার টেবিলে বসার কথা বলেন।

রাস্তা আটকেও চলছে বিক্ষোভ
অন্যদিকে রেল লাইনের পাশাপাশি তিনদিন ধরে রাজ্য এবং জাতীয় সড়কের উপরেও আন্দোলন চালাচ্ছেন আধিবাসী সম্প্রদায়ের মানুষজন। যার ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। একের পর এক যাত্রী এবং পণ্যবাহী গাড়ি আটকে আছে বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে আলোচনা করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশ এবং জেলাশাসকস্তরে আলোচনা করা হচ্ছে আন্দোলনকারীদের।












Click it and Unblock the Notifications