কেষ্টর গড়ে রেশন নিয়ে ধুন্ধুমার, নামল কমব্যাট ফোর্স, গ্রেফতার ডিলার
কেষ্টর গড়ে রেশন নিয়ে ধুন্ধুমার, নামল কমব্যাট ফোর্স, গ্রেফতার ডিলার
রেশন বণ্টনে এবার দুর্নীতির অভিযোগ তৃণমূলের দাপুটে নেতা কেষ্ট তথা অনুব্রত মণ্ডলের গড়ে। সুনির্দিষ্ট হারে রেশন না দেওয়ার অভিযোগে বোলপুরের ঘিদহ গ্রামে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। রেশন ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কমব্যাট ফোর্স নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

রেশন নিয়ে বিক্ষোভ বোলপুরে
এবার রেশন দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের বীরভূম জেলাসভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে। বোলপুর থানার ঘিদহ গ্রামে মঙ্গলবার সকালে রেশন ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ তাঁদের জন্য বরাদ্দ রেশন ঠিক মত দেওয়া হচ্ছে। উত্তেজনা এতটাই চরমে ওঠে যে বোলপুর থানার পুলিস কমব্যাট ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও বোলপুর মহকুমার একাধিক জায়গায় রেশন বণ্টনের অভিযোগ করা হয়েছে।

গ্রেফতার রেশন ডিলার
গ্রামবাসীদের অভিযোগ লকডাউনে যে সামগ্রি রেশনে দেওয়ার কথা তা তাঁরা পাচ্ছে না। এমনকী রেশন দোকানও ঠিকমতো খোলা হচ্ছে না। সেকারণেই রেশন ডিলার শেখ মোদেশ্বর আলির বাড়িতে চড়াও হন তাঁরা। ডিলারকে ধরে মারধরের চেষ্টাও করা হয়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিও শেখর সাঁই ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘেরাও করেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারপরেই রেশন দোকান সিল করে গ্রেফতার করা হয় ডিলারকে।

রেশন অসন্তোষ
লকডাউনের প্রথম থেকেই বরাদ্দ রেশন না পাওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ম জেলা থেকে। মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে রাজ্যপালও এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। কংগ্রেস, বিজেপি, সিপিএম সব বিরোধী রাজনৈতিক দলই রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications