‘রাষ্ট্রদ্রোহী’ দিলীপ ঘোষ! তকমা পাওয়ার পরও অমিতাভ-খুনে সরাসরি তৃণমূলকে দায়ী
পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থেকে রাষ্ট্রদ্রোহী তকমা পাওয়ার পরও বাকযুদ্ধ জারিই রাখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনীতি করতে গিয়ে তরুণ অফিসারকে অন্যায়ভাবে খুন করেছে রাজ্যের সরকার
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থেকে রাষ্ট্রদ্রোহী তকমা পাওয়ার পরও বাকযুদ্ধ জারিই রাখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ফের তিনি বললেন,'তৃণমূল কংগ্রেসই মেরেছে সাব ইন্সপেক্টর অমিতাভ মালিককে। রাজনীতি করতে গিয়ে তরুণ অফিসারকে অন্যায়ভাবে খুন করেছে রাজ্যের সরকার।'তাঁর কথায়,'ট্রেনিং নেই, অস্ত্র নেই, পাহাড়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা ঘোর অন্যায়। এই ঘটনা প্রকারান্তরে খুনেরই সামিল।'

রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির একটি মিছিলে অংশ নিয়ে দিলীপ ঘোষ ফের একই দাবি করলেন। একদিন আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের মৃত্যুর দায় চাপিয়েছিলেন। এবার একধাপ এগিয়ে বললেন, তৃণমূলই মেরেছে অমিতাভকে।
দিলীপবাবুদের বিরুদ্ধে বিমল গুরুংকে সমর্থন ও সাহায্যের যে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল, সে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন,'আমরা কাউকে সাহায্য করছি না। বিজেপি নিজেদের সাহায্য করছে। আর তৃণমূল সরকার পাহাড়ে যা করছে, আমরা তার বিরোধিতা করছি।'
পার্থবাবু বলেন,'জঙ্গিদের সমর্থনে যাঁরা কথা বলেন, তাঁরাও রাষ্ট্রদ্রোহী। দিলীপবাবুরা এথন পাহাড়ের জঙ্গি ক্রিয়াকলাপকে প্রকাশ্যে সমর্থন করছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত বিমল গুরুংয়ের হাত শক্ত করছেন। তাই দিলীপ ঘোষরাও রাষ্ট্রদ্রোহী। বাংলার সংস্কৃতি কোনওদিন তাঁদের ক্ষমা করবে না। একজন এসআইকে যাঁরা খুন করল, তাঁদের সমর্থন করছে একটি রাজনৈতিক দল। এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।'
উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন,'তৃণমূলের উচ্চাকাঙ্ক্ষার জন্যই পাহাড়ে হিংসা ছড়াচ্ছে, খুন হচ্ছেন অমিতাভ মালিকরা। এই দায় এড়াতে পারে না রাজ্য সরকার। প্রশিক্ষণ না দিয়েই পাঠিয়ে দেওয়া হচ্ছে পাহাড়ে। তার ফলেই পুলিশ মৃত্যুর ঘটনা ঘটছে।'
এই ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হন পর্যটনমন্ত্রী গৌতম দেবও। তিনি বলেন,'দিলীপ ঘোষ কি অবসরপ্রাপ্ত সেনা কর্তা, তিনি জানলেন কী করে প্রশিক্ষণ ছিল কি না। আসলে উনি ভিত্তিহীন কথরা উপর ভর করেই চলেন। উনি আগে স্পষ্ট করুন গুরুংয়ের কার্যকলাপ তিনি সমর্থন করেন কি না।'












Click it and Unblock the Notifications