ফের বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, কালীপুজোর আগে আকাশে ঘনাচ্ছে মেঘ
বর্ষা বিদায় নিলেও, দক্ষিণবঙ্গের আকাশ যেন ভুলতেই পারছে না বৃষ্টি। অক্টোবরের মাঝামাঝি পেরিয়ে গেলেও, আবারও ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে ঝড় বৃষ্টির "ডবল ডোজ"।
আবহাওয়াবিদদের মতে, উত্তর ভারতের দিক থেকে প্রবেশ করা শুষ্ক ও শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ, আর্দ্র বাতাসের সংঘর্ষেই তৈরি হচ্ছে মেঘ। ফলেই আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে আজ থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও, হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝে মধ্যে ছিটে ফোঁটা বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা যাবে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কা থাকায় নাগরিকদের খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই পাহাড়ি জেলাগুলিতেও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। ভোর ও রাতের দিকে কিছু এলাকায় কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে শহর ও গ্রামাঞ্চল।
সব মিলিয়ে মোটের উপর কালীপুজোর আগে ফের ভিজতে চলেছে বাংলা। বর্ষা বিদায় নিলেও, আকাশ এখনও পুরোপুরি খুশি হয়নি। তাই উৎসবের আগে ছাতা রাখাই বুদ্ধিমানের কাজ।












Click it and Unblock the Notifications