দ্বিতীয় হুগলি সেতুর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ রাজ্য সরকারের
দ্বিতীয় হুগলি সেতুর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ রাজ্য সরকারের
রাজ্যে পালা বদলের পর একাধিক সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই 'সাবধানী’ সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ২৭ বছরের পুরনো দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের জন্য ১৫৪ কোটির টেন্ডারও ডেকেছে রাজ্য সরকার। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই সেতুটির ১৫২ টি কেবল তার বদলের পাশাপাশি জলের নীচে অবস্থিত পিলার গুলির সংস্কারের কাজও হবে বলে যায়।

৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতের দীর্ঘতম কেবল তারের সংযোগে নির্মিত সেতু। এই সেতু দিয়ে ১৯৯২ সালে প্রথম যানবাহন চলাচল শুরু। হাওড়া, সহ বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম এই বিদ্যাসাগর সেতু। শহরের অন্যতম ব্যস্ত এই বর্তমানে সেতুটি ২৭ বছরে পা রেখেছে। সেতু বিশেষজ্ঞদের মতে যে কোনও সেতু দিয়েই টানা ২৫ বছর যান চলাচল করলে তা সংস্কারের প্রয়োজন হয়। ফলে সেতুতে ব্যবহৃত স্টে ডাউন কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, প্রভৃতির পূর্ণ সংস্কারের প্রয়োজন রয়েছে মতামত দেন তিনি।
বিদ্যাসাগর সেতুর দুদিকেই রয়েছে দুটি বড়ো টাওয়ার, যার সঙ্গে যুক্ত রয়েছে কেবলগুলি। কেবলের একপ্রান্ত টাওয়ার সঙ্গে জোড়া, অন্য প্রান্ত রয়েছে ব্রিজের ডেকের সঙ্গে আটকানো। সেতুর উপরিভাগে রয়েছে 'স্টে কেবল’, যা সেতুটিকে ঝুলে থাকতে সাহায্য করে। পাশাপাশি সেতুর ডেকের নিচের দিকে অবস্থিত 'হোল্ডিং ডাউন কেবল’ যানবাহন পরিবহেনর সময় সেতুটির স্থিরতা বজায়ে সাহায্য করে। সাধারণত ২৫ বছর অন্তর এই কেবল গুলি বদলে ফেলার প্রয়োজন বলে মত সেতু বিশেষজ্ঞদের।
তবে এই মুহূর্তে রাজ্য সরকারের ডাকা টেন্ডারে 'জিপিটি’ এবং 'ইউনিক’ নামে দুটি সংস্থা সারা দিয়েছে বলেও সূত্রের খবর। অন্যদিকে আর্থিক নিলামের জন্য অর্থমন্ত্রকের ছাড়পত্র মিললেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে নবান্ন সূত্রের খবর। যদিও সংস্কারের সময় বিদ্যাসাগর সেতুতে যানচলাচল নিয়ন্ত্রন করা হবে কিনা সেই বিষয়ে প্রশাসনিক সূত্রে কোনও খবর মেলেনি।
তবে অনেকেই মনে করছেন, পোস্তা, মাঝেরহাট, উল্টোডাঙ্গা উড়ালপুল দুর্ঘটনার পর একাধিকবার নাগরিক সমাজের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। অন্যদিকে সাম্প্রতিক সময়ে টালা ব্রিজের পর এবার এই গুরুত্বপূর্ণ সেতুটিও যাতে বিপর্যয়ের মুখে না পড়ে তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।












Click it and Unblock the Notifications