স্পষ্ট হচ্ছে দেওয়াল লিখন! বিজেপি ঘনিষ্ঠতা বাড়তেই মহারাজের সঙ্গে দূরত্ব তৈরি মমতার
কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের ডাকে রাজভবনে গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা শুরু হয়েছিল সেদিন থেকেই। এরপর দিনই দিল্লি ক্রিকেট সংস্থার এক অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল অমিত শাহ এবং সৌরভকে। উল্লেখ্য, অমিত পুত্র তথা বিসিসিআই কর্তা জয় শাহের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। এরপরই ফের সৌরভের বিজেপি ঘনিষ্ঠতার জল্পনা বাড়তে থাকে।

সৌরভের সঙ্গে দুরত্ব তৈরি?
এই অবস্থাতে একদিকে যখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য সৌরভের সঙ্গে দেখা করে তাঁকে রাজনীতিতে না আসার পরামর্শ দিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশআসনকে দেখা গেল সৌরভের সঙ্গে দুরত্ব তৈরি করতে। স্কুল গড়ার জন্য রাজ্য সৌরভকে দুই একর জমি দিয়েছিল। তা ফিরিয়ে দিতে চেয়েছিলেন মহারাজ। সেই অনুরোধ মেনে রাজ্য জমি ফেরত নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিল।

সৌরভের অনুরোধ মেনে নেওয়া ঘিরে জল্পনা
নিউটাউনের দু'একর জমি ফিরিয়ে দিতে চেয়ে হিডকোর কাছে গত অগস্টে আবেদন জানিয়েছিলেন স্বয়ং সৌরভই। কিন্তু তাঁর সেই প্রস্তাবে দীর্ঘদিন ‘হ্যাঁ' বা ‘না' কিছুই বলেনি সরকার। তবে পরপর ধনকড় এবং অমিত শাহের সঙ্গে সৌরভের সাক্ষাতের পরই সৌরভের অনুরোধ মেনে তাঁর জমিটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হল।

কোন পথে মহারাজ?
সৌরভ কয়েকদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন। তারপরই অবশ্য দেশের এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রাজ্যপাল জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও ‘সৌজন্য' সাক্ষাৎ করেছেন। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা চলছে। সেই জল্পনাতে কর্ণপাত না করলেও এই বিষয়ে সরাসরি কোনও কথাও বলেননি সৌরভ।

অশোক ভট্টাচার্যের আবেদন
এদিকে বুধবার দুপুরে বেহালার মা মঙ্গল চণ্ডী ভবনে গিয়ে শিলিগুড়ির পৌর-প্রশাসক অশোক ভট্টাচার্য মধ্যাহ্নভোজন সারেন গাঙ্গুলি পরিবারের সঙ্গে। রাজনীতির আঙিনায় পা দিলে ক্রিকেট খেলে অর্জিত জনপ্রিয়তা বিরাট ধাক্কা খেতে পারে, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টকে বুঝিয়েছেন অশোক ভট্টাচার্য। দেশের মানুষও তাই চান বলে বিশ্বাস করেন তিনি। প্রবীণ শুভাকাঙ্খীর পরামর্শ সৌরভ মানবেন কি না তা সময় বলবে।












Click it and Unblock the Notifications