'বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ...', মমতার পাশে দিলীপ, বোমা ফাটালেন সৌমিত্র! আর কে কী বললেন
Dilip Ghosh-Mamata Banerjee: সবসময় দলীয় শৃঙ্খলা মেনে চলতেই ভালোবাসেন তিনি! এমনকী মুখেও বারবার দলের কথাই বলেন। সবসময় জানিয়েছেন, দলই সব কথা। আর সেই তিনিই কিনা সস্ত্রীক চলে গেলেন দিঘার জগন্নাথ মন্দিরে! তিনি আর কেউ নন, রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুধু মন্দিরে যাওয়াই নয়, একেবারে পুজো দিয়ে রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে বিজেপি নেতা সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘক্ষণ কথাও হল দুজনের মধ্যে।
আর তাতেই চরম ক্ষুব্ধ বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার। তবে তাঁর স্পষ্ট বার্তা, দল এটা অনুমোদন করে না। তবে এটি তাঁর (পড়ুন-দিলীপ ঘোষ) ব্যক্তিগত ব্যাপার। আলাদা ভাবেই যেতেই পারেন। তবে এই ঘটনায় ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক দিয়ে মন্তব্য করেছেন সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষকে 'বাংলা বিজেপির লজ্জা' বলে কার্যত তুলোধোনা বিজেপি নেতার।

Dilip Ghosh-Mamata Banerjee: কি লিখলেন বিজেপি নেতা?
এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক সৌমিত্র খাঁ। তিনি লিখছেন, ''একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হয়ে উঠতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন। কতটা নির্লজ্জ হলে এমন 'আদর্শবান পুরুষ' হওয়া যায়, তা চিন্তার বিষয়! বাংলার বিজেপির লজ্জা আপনি।" শুধু সৌমিত্রই নয়, আরও এক বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একই ভাবে ক্ষোভ উগরে দিয়েছেন।
তরুণজ্যোতি লিখছেন, '' ছোটবেলা থেকে শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকান্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না। তিনি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা করতে গেলে কোন মন্তব্য ছিল না।
মুর্শিদাবাদে হিন্দু হত্যার নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসিখুশি কথা বলাটাকে ভালো ভাবে নিতে পারলাম না''। এমনকী আজকের পর থেকে দিলীপ ঘোষকে নেতা হিসাবে মানয়তে পারবেন বলেও ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা।
একের পর এক বিজেপি নেতার ফেসবুক পোস্টেই স্পষ্ট যে দিলীপ ঘোষের এহেন কর্মকান্ডে রীতিমত বিদ্রোহ শুরু দলের মধ্যে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলব। অন্য কিছু নিয়ে নয়। কে কোথায় গিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু বলতে পারব না।"












Click it and Unblock the Notifications