Congress Working Committee: অধীরকে কটাক্ষ সোমেন-পুত্র রোহনের, দীপা দাশমুন্সির নাম আড়াল নিয়ে তুঙ্গে বিতর্ক
Congress Working Committee: আজই কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটি বা কর্মসমিতি ঘোষণা করেছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তা নিয়েই এবার তুঙ্গে বিতর্ক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে নিশানা করলেন প্রয়াত সোমেন মিত্র-র পুত্র রোহন।
অধীর ছাড়াও কংগ্রেসের কর্মসমিতিতে নাম রয়েছে দীপা দাশমুন্সির। যদিও প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে তাতে দীপার নাম নেই!

কংগ্রেস ওয়ার্কিং কমিটি নতুনভাবে গঠনের পর তিন পৃষ্ঠার প্রেস রিলিজ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়। প্রথম পৃষ্ঠায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি মেম্বার হিসেবে উল্লিখিত রয়েছে ৩০ জনের নাম। সেই তালিকার পাঁচ নম্বরে রয়েছে অধীরের নাম।
অধীরের নাম রয়েছে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও রাহুল গান্ধীর পরেই। অধীর লোকসভায় বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই প্রেস রিলিজের দ্বিতীয় পৃষ্ঠাটি শুরু হয়েছে ৩১ নম্বর থেকে। ৩১ থেকে ৩৯ অবধি যাঁদের নাম রয়েছে তাঁদের জেনারেল সেক্রেটারি করা হয়েছে। ৩৪ নম্বরে রয়েছে দীপা দাশমুন্সির নাম। প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী-কে অবজ্ঞার অভিযোগ উঠেছে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে।

প্রদেশ কংগ্রেসের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে প্রেস রিলিজের মাঝের পৃষ্ঠাটি বাদ দেওয়া হয়েছে। যেখানে দীপার নাম রয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে অধীরের নাম থাকায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। ধন্যবাদ জানানো হয়েছে, সোনিয়া, খাড়গে, রাহুলকে। কিন্তু কোথাও উল্লেখ নেই দীপার নাম। তাঁকে অভিনন্দন জানানোর সৌজন্যও দেখানো হয়নি।
The mentality of Adhir Ranjan Choudhury led social media is exposed again. Page 2 of the official @INCIndia communication where the name of Deepa Dasmunshi is mentioned as CWC member, has being removed from publication in the official @INCWestBengal handle announcement !!! #CWC https://t.co/F0cvyDLNYN pic.twitter.com/RxwLMkjtnx
— Roahan Mitra (@rohansmitra) August 20, 2023
এরপরই রোহন মিত্র টুইটারে অধীরকে নিশানা করে লিখেছেন, অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন সোশ্যাল মিডিয়ার মানসিকতা ফের সামনে এলো। কংগ্রেসের তালিকার দ্বিতীয় পৃষ্ঠা যেখানে দীপা দাশমুন্সির নাম রয়েছে, সেটিকে বাদ দিয়েই কর্মসমিতি ঘোষণার কথা জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। CWC ট্যাগ করে এই পোস্ট রোহনের, যা নিশ্চিতভাবেই কংগ্রেস নেতৃত্বের নজরে পড়বে।
রোহন পরে একটি ভিডিও বার্তায় বলেন, অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেস এ রাজ্যে শূন্যতে পৌঁছেছে। মালদহ-মুর্শিদাবাদের বাইরে ভোট ১০ শতাংশের নীচে। তারপরও উনি ও তাঁর অনুগামীরা নিজেদের ঢাক পিটিয়ে চলেছেন। বাকি কংগ্রেস নেতা-কর্মীদের অপমান করার ধারাও বজায় রেখেছেন।
রাজনৈতিক মহলের ধারণা, ইচ্ছা করেই দীপার নাম থাকা পৃষ্ঠাটি বাদ দেওয়া হয়েছে। তার কারণ হলো, যদি ভুল করে ওই পৃষ্ঠাটি আপলোড না করা হতো, তাহলে অধীরের পাশাপাশি দীপাকেও তো অভিনন্দন জানানো উচিত ছিল প্রদেশ কংগ্রেসের। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বই ফের প্রকাশ পেল এই ঘটনার মধ্য দিয়ে।












Click it and Unblock the Notifications