'রাজ্যে ভয়ানক অরাজকতা', প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানালেন অধীর চৌধুরী
এনআরএস কাণ্ড এবং তা নিয়ে ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে তৈরি হওয়া ভয়ানক স্বাস্থ্য সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
এনআরএস কাণ্ড এবং তা নিয়ে ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে তৈরি হওয়া ভয়ানক স্বাস্থ্য সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন অধীর চৌধুরী।

ওই চিঠিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ লিখেছেন, এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপর নিগ্রহের প্রতিবাদে রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্দশার শিকার হয়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। এনআরএসের আক্রান্ত জুনিয়র ডাক্তাররা জীবনের সঙ্গে লড়ছেন। সব মিলিয়ে এ রাজ্যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ক্ষুব্ধ অধীর চৌধুরী।

রাজ্যের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। ডাক্তারদের এই শারীরিক আক্রমণের তীব্র নিন্দাও করেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর অপদার্থতার জন্যই রাজ্যে এমন ঘটনা বারবার ঘটছে।

অভিযোগ, সোমবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নিয়ে অশান্তির জেরে জুনিয়র ডাক্তারদের মারধর করেন রোগীদের আত্মীয়রা। তাতে গুরুতর আহত হন দুই জুনিয়র ডাক্তার। এরই প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে ডাক্তারদের সাতটি মিলিত সংগঠন। বিক্ষোভরত ডাক্তারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন ডাক্তাররা।












Click it and Unblock the Notifications