বিজেপির থেকে বড় বিজেপি-বড় আরএসএস মমতা! কে বললেন এমন কথা, কেন
রাজ্যে মৃত্যুমিছিল চলছে, আর মুখ্যমন্ত্রী মুম্বইয়ে গিয়ে শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠকে ব্যস্ত। তিনি বোঝাতে চাইছেন, তিনি বিজেপির থেকেও বড় বিজেপি, তিনি আরএসএসের থেকেও বড় আরএসএস।
ডেঙ্গি ইস্যুতে পথে নামল কংগ্রেস। প্রতিবাদ মিছিলে সামিল বামফ্রন্টও। দুই মিছিল থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উড়ে এল আক্রমণ। ডেঙ্গির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাচোলা ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী। আক্রমণ করলেন সুর্যকান্ত মিশ্র-বিমান বসুরাও।
মুখ্যমন্ত্রীর মুম্বই সফরকে কটাক্ষ করে অধীর চৌধুরী বললেন, রাজ্যে ডেঙ্গি মহামারির রূপ নিয়েছে। মানুষ মারা যাচ্ছেন। মানুষের সেই মৃত্যু নিয়ে মাথাব্যাথা নেই মমতার। তিনি মুম্বইয়ে গিয়ে বসে আছেন। আদতেই তিনি নীরবে হত্যাকারীর ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।

তিনি অভিযোগ করেন, কয়েক মাস ধরে ডেঙ্গির প্রাদুর্ভাব চলছে রাজ্যে। কিন্তু রাজের সরকার অপদার্থতা, অযোগ্যতা ও উদাসীনতায় রাজ্যে ডেঙ্গি মহামারীর রূপ নিয়েছে। রাজ্যে মৃত্যুমিছিল চলছে, আর মুখ্যমন্ত্রী মুম্বইয়ে গিয়ে শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠকে ব্যস্ত। তিনি বোঝাতে চাইছেন, তিনি বিজেপির থেকেও বড় বিজেপি, তিনি আরএসএসের থেকেও বড় আরএসএস।
মমতাকে কটাক্ষ করে অধীর বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী ডেঙ্গিকে উপেক্ষা করে মুম্বইয়ে গিয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছেন। সেখানে গিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন তাঁর হিন্দু-প্রেম কত গভীর। তিনি মোদীর থেকেও বড় হিন্দু বাল থ্যাকারের ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে বৈঠক করে বোঝাতে চেয়েছেন তিনি কতটা হিন্দুপ্রেমী। দুর্গা কার্নিভাল করছেন, শিবসেনা প্রধানের সঙ্গে সখ্যতা স্থাপন করে মমতা বার্তা দিতে চাইছেন মুসলিমদের ছেড়ে এখন হিন্দুদের দালালি শুরু করেছেন তিনি।'
ডেঙ্গি নিয়ে মমতার সরকারকে আক্রমণ করতে গিয়ে অধীর বলেন, 'মুখ্যমন্ত্রী আপনার ভয় কেন? আপনি তো ডেঙ্গি নিয়ে আসেননি। আপনার দফতরের অযোগ্যতায় রাজ্যে ডেঙ্গি ছড়িয়ে পড়েছে। কেন ডাক্তারদের সঠিক মৃত্যুর কারণ লিখতে দেওয়া হচ্ছে না, কেন বারবার সত্য গোপন করার খেলা চলছে। ডেঙ্গি প্রতিরোধের সবাইকে নিয়ে আপনি লড়াই করতে পারতেন, তাহলে তো আপনরাই সুনাম হত। তা না করে আপনি মিথ্যেকে আশ্রয় করে দায় ঝেড়ে ফেলতে চাইলেন। বাংলার মানুষ তা ক্ষমা করবেন না।'
অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, কেন বারবার অজানা জ্বরের তত্ত্ব খাড়া করা হচ্ছে। অজানা জ্বর কবে জানা হবে, তা নিয়েই প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন, দুর্গা কার্নিভাল, নাটক, খেলা, মেলা ছেড়ে এবং বাংলার মানুষের পাশে দাঁড়াতে। অধীর বলেন, তার বদলে মুখ্যমন্ত্রী যা করছেন, তা শুধু রাজনৈতিক অপরাধ নয়, তা ফৌজদারি অপরাধও।
এদিন ডেঙ্গি ইস্যুতে বামফ্রন্টও বিরাট মিছিল করে। পঞ্চায়েতের আগে এদিনের মিছিলে বামফ্রণ্ট তাদের শক্তি পরীক্ষাও দিল বলা যেতে পারে। সেইসঙ্গে সুর্যকান্ত মিশ্র-বিমান বসুরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, রাজ্যের ব্যর্থতার জেরেই ডেঙ্গি মহামারীর রূপ নিয়েছে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ।












Click it and Unblock the Notifications