কংগ্রেস বাংলায় লড়বে তৃণমূলের বিরুদ্ধে, মমতার জোট-প্রস্তাব খারিজে প্রশ্নবাণ অধীরের
কংগ্রেসকে ২০০ আসনে শর্তসাপেক্ষে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সেই শর্তকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রস্তাব খারিজ করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি সাফ জানালেন, কংগ্রেস বাংলায় লড়বে তৃণমূলের বিরুদ্ধে।
অধীর বলেন, তৃণমূল যাই বলুক বা যাই মনে করুক বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তাঁরা লড়বেনই। বিনা যুদ্ধে তারা বাংলার মাটির একাসও ছাড়বে না। অন্যায় দাবি বা অন্যায় প্রস্তাব মানা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েই তিনি অধীর একের পর এক প্রশ্নবাণ ছাড়লেন।

অধীর চৌধুরী বলেন, বাংলায় আমরা অবশ্যই লড়ব, কর্মী-সমর্থকরা নিরাশ হবেন না। আমাদের লড়াই জারি আছে, জারি থাকবে। যেখানে যেমন প্রয়োজন, সেখানে তেমন লড়াই করব আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস জেতার পর মনে করছেন, কংগ্রেসের সঙ্গে আপোশ না করে কাজ করতে পারবেন না। তাই জোট প্রস্তাব দিয়েছেন।
এরপরই অধীর বলেন, কর্নাটক নির্বাচনের আগে কি উনি একবারও বলেছিলেন বিজেপিকে হারাতে কংগ্রেসকে ভোট দিন? তারপর তিনি বলেন, বিজেপি বিরোধীদের সমর্থন করতে উনি উত্তরপ্রদেশ ও বিহারে গিয়েছেন, কিন্তু একবারও কিনি উনি কর্নাটকে গিয়েছেন? কেন গেলেন না কর্নাটকে?

এছাড়াও অধীর চৌধুরী প্রশ্ন করেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে যখন সমস্ত বিরোধী নেতা-নেত্রীরা প্রশংসা করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দও খরচ করলেন না। এখন জাতীয় রাজনীতিতে এক ঘরে হওয়ার ভয়েই বাধ্যতামূলক জোট প্রস্তাব দিয়েছেন কংগ্রেসকে। তাও আবার অদ্ভুত শর্তে!
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জোট বার্তায় জানিয়েছেন, যেখানে কংগ্রেস শক্তিশালী, আমরা সেখানে সমর্থন দিতে রাজি কংগ্রেসকে। কিন্তু তৃণমূল যেখানে শক্তিশালী, সেখানে কংগ্রেস আমাদের সমর্থন করবে তো? এই অভিনব জোট বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন বাংলায় কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক, তা তাঁরা চান না।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বহুবার বলেছেন যে রাজ্যে যে শক্তিশালী সেই রাজ্যে সে লড়ুক। কংগ্রেস যেহেতু বাংলায় শক্তিশালী নয়, তৃণমূল শক্তিশালী, এখানে বিজেপির বিরুদ্ধে লড়পক তৃণমূল। কংগ্রেস এখানে কোনো আসনেই লড়তে পারবেন না। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের আসল অভিষন্ধি বাংলা থেকে কংগ্রেসকে চিরতরে মুছে ফেলা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল পর্যালোচনা করে দেখেছে কংগ্রেস সারা দেশে মাত্র ২০০ আসনে শক্তিশালী। সেই ২০০ আসনে কংগ্রেসকে সমর্থন করবে তৃণমূল। সেখানে তিনি শর্ত দিয়েছেন, কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন, আর আমরা যেখানে শক্তিশালী সেখানে তো কংগ্রেসকে সমর্থন করতে হবে!












Click it and Unblock the Notifications