করোনা ছাড়াও আরও এক 'ভাইরাস' ছড়িয়েছে বাংলায়! মমতার বিরুদ্ধে সরব অধীর
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বরাবরই অহিঃনকুল সম্পর্ক।
করোনা ভাইরাসের মহামারী বাংলার বুকেও ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সেইসঙ্গে এই লকডাউনের বাজারে আরও একটা বড় 'ভাইরাস' হানা দিয়েছে বাংলার বুকে। দু্র্নীতির সেই ভাইরাস উপড়ে ফেলতে রাজ্য সরকারের কোনও ভ্রূক্ষেপই নেই। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতার বিরুদ্ধে।

মানুষ কেন খাদ্যের জন্য হাহাকার করছে
বাংলার মানুষ প্রতিদিনই সেই দুর্নীতির সঙ্গে যুদ্ধ করছেন। অভিযোগ উঠলেই মমতার সরকার পাল্টা কংগ্রেস-সহ বিরোধীদের তোপ দাগছেন। অধীর বলেন, আমার একটাই কথা, ভারতে খাদ্যের অভাব নেই যখন, মানুষ কেন খাদ্যের জন্য হাহাকার করছে। খাদ্যের যখন অভাব নেই, রাজ্যের একটাই দায়িত্ব খাবার বণ্টন করা। সেখানেই ব্যর্থ সরকার।

গণবণ্টন ব্যবস্থাটুকুও করতে পারছে না সরকার
অধীর বলেন, রেশন ব্যবস্থার মধ্যে কী এমন কঠিন জিনিস আছে। খাদ্যমন্ত্রী অভিযোগ করছেন, কেন্দ্র খাদ্য শস্য পাঠাচ্ছে না। তা হলে কী রাজ্য সব কি আপনি কিনে খাওয়াচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার কি কিনে কিনে খাওয়াচ্ছে। গণবণ্টন ব্যবস্থা কংগ্রেসি আমল থেকে চলে আসছে, রাজ্য সরকারের কাজ শুধু রেশনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া।

রেশন ব্যবস্থা দুর্নীতির আখড়ায পরিণত
অধীরের কথায়, সমস্যা এখানেই যে রাজ্যের রেশন ব্যবস্থা দুর্নীতির আখড়ায পরিণত হয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে আরও একটা ভাইরাস রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস হল দুর্নীতি। মহামারীর সময়েও তাই রেশ নিয়ে দু্র্নীতিতে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল।

দুর্নীতি নামক ভাইরাসকে উৎখাত করতে হবে
অধীর বলেন, সাধারণ মানুষের পাওনা চাল যদি চুরি হয়, অভাবের সময় যদি তাঁরা খাবার না পান, তবে অভুক্ত মানুষ প্রতিবাদী হবেনই। সেই প্রতিবাদের গর্জনই শুনতে পাওয়া যাচ্ছে রাজ্যের সর্বত্র। এই প্রতিবাদ আন্দোলনেই রাজ্যের দুর্নীতি নামক ভাইরাসকে উৎখাত করতে হবে। এখানে কোনও দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে দেখুন মানুষ আজ গর্জে উঠেছে।

বধির সরকারকে শোনাতে হবে খিদের জ্বালা
কংগ্রেস সাংসদ মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন। সেই প্রতিবাদের ঢঙ হবে একটু অন্যরকম। করোনার সময়ে তিনি প্রতিবাদে মুখর হতে বললেন নিয়ম মেনে। আগুন জ্বালানো নয়, ভাঙচুর নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বধির সরকারকে শোনাতে হবে মানুষের খিদের জ্বালা।












Click it and Unblock the Notifications