মমতাকে খোলা চিঠি অধীরের, কী লেখা তাতে! পঞ্চায়েত নির্বাচনের আগে জোর জল্পনা
পান থেকে চুন খসলেই তিনি তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হন। তাঁর কী এমন প্রয়োজন পড়ল যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে হল!
উপনির্বাচন মিটলেই পঞ্চায়েতের দামামা বেজে যাবে। তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠি ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কী লিখলেন তিনি? তিনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত। পান থেকে চুন খসলেই তিনি তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হন। তাঁর কী এমন প্রয়োজন পড়ল যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে হল!

রাজনৈতিক মহলের চর্চা চলছে, তবে কি তৃণমূলের ব্যাপারে নমনীয় হচ্ছেন তিনি? বৃহত্তর স্বার্থে তৃণমূলের সঙ্গে মৈত্রী বজায় রেখেই চলতে আগ্রহী তিনি? বামসঙ্গ ত্যাগ করে তিনি কি তবে তৃণমূলের সান্নিধ্যে আসতে চাইছেন? এই চিঠির কারণ অনুসন্ধানে তাই উঠে পড়ে লেগেছে রাজনৈতিক মহল।
আসলে এদিন মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন একটি বিশেষ উদ্দেশ্যে। তিনি মুখ্যমন্ত্রীর সাহায্য প্রত্যাশী। অধীরবাবু তাঁর বাড়ির সমানে তারস্বরে মাইক বাজানো নিয়ে বেজায় বিরক্ত। তিনি চান এর একটা বিহিত করতে। শুধু কি তিনি, গোটা পাড়া বিব্রত মাইক বাজিয়ে পুলিশের অনুষ্ঠান নিয়ে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণ নিয়েছেন।
ডিজে-র বিকট আওয়াজে ঘুম ছুটেছে এলাকাবাসীর। প্রশাসনের কাছে বারবার আবেদন-নিবেদনেও কোনও কাজ হয়নি। ডিজের মিউজিকে যে নাচছেন পুলিশের কর্তারা স্বয়ং। তাই বাধ্য হয়ে একেবারে পুলিশ মন্ত্রীর দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজে বাঁচতে, এলাকার মানুষকে শব্দদানবের হাত থেকে বাঁচাতে তিনি চিঠি লিখে ফেললেন খোদ মুখ্যমন্ত্রীকে।
অধীরবাবু চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন, যত দ্রুত সম্ভব এই শব্দদানবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অধীরবাবুর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন পুলিশের এই অনৈতিক কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। তাঁর পুলিশ যে এখন সাধারণ মানুষের কাছে বিরক্তের কারণ হয়ে উঠেছেন, তাও বুঝিয়ে দিতে চান তিনি। এই চিঠি দিয়ে তিনি এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন। একদিকে তিনি পুলিশের কীর্তিকলাপ নিয়ে অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন। আর অন্যদিকে আন্দোলনের পথে না গিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যের বার্তাও দিলেন।












Click it and Unblock the Notifications