West Bengal Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে হাইকোর্টে অধীর, প্রস্তুত বিজেপিও
West Bengal Panchayat Election 2023: অবশেষে পঞ্চায়েত ভোট ঘোষণা করা হয়েছে। আর এরপরেই মাঠে নেমে পড়েছেন ডান-বাম সমস্ত দলের কর্মীরাই। কমিশনের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
কিন্তু কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
মূলত ঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছে।

শুধু তাই নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে কমিশনের তরফে কোনও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। প্রায় ৭৪ হাজার মনোনয়ন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। আর এই বিষয়েও এদিন কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানানো হবে।
বিশেষ করে যাতে অনলাইনে পেশ করা যায় সেই বন্দোবস্ত রাজ্য নির্বাচন কমিশন করে সেই আর্জি প্রদেশ সভাপতি জানাবেন বলেই খবর। পাশাপাশি BDO বা SDO র কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে সেটা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে সেই আবেদনও মামলায় জানানো হবে জানা গিয়েছে।
আজ শুক্রবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তভ বাগচী জানাবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপির তরফেও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এবং মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি আদালতের কাছে বিজেপির তরফে জানানো হবে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা জানিয়েছেন, 'দার্জিলিং এবং কালিম্পংয়ে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট ৮ জুলাই হবে। এক দফাতেই এই নির্বাচন হবে। শুক্রবার অর্থাৎ ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে।

আর তা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ঘোষণা অনুযায়ী ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। তবে পঞ্চায়েত ভোটের প্রার্থীরা ২০ জুন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময় পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। আর এখানেই আপত্তি বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় দেওয়া হয়নি। গণতন্ত্রের হত্যা বলে ইতিমধ্যে দাবি করেছেন বিরোধী দলনেতা।
তবে একাধিক মামলায় পঞ্চায়েত নির্বাচন কি পিছিয়ে যাবে? কোন দিকে গড়াবে পরিস্থিতি? সেদিকেই নজর সবার। তবে বিরোধীদের আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে ইতিমধ্যে প্ত্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল।












Click it and Unblock the Notifications