কাশ্মীর ইস্যুতে আত্মঘাতী গোল খেল কংগ্রেস! অধীর বয়ানে পাক-বিবৃতির মিল দেখছে বিজেপি
কাশ্মীর ইস্যু বুমেরাং হয়ে গেল কংগ্রেসের। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর বক্তব্যে সংসদে আত্নঘাতী গোল খেয়ে বসল কংগ্রেস।
কাশ্মীর ইস্যু বুমেরাং হয়ে গেল কংগ্রেসের। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর বক্তব্যে সংসদে আত্নঘাতী গোল খেয়ে বসল কংগ্রেস। বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের দাবির সঙ্গে মিলে গেল কংগ্রেসের বিবৃতি। অধীরের বয়ানে ফের বিপাকে পড়ে গেল কংগ্রেস। যদিও অধীর বললেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে, তবুও ভরাডুবি আর রোখা গেল কই!

বিরোধিতা করতে গিয়ে অধীর বেফাঁস
এদিন সংসদে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত ও পুনর্গঠনের বিলের বিরোধিতা করতে গিয়ে অধীর চৌধুরী বলেন, জম্মু ও কাশ্মীর ইস্যু কোনও অভ্যন্তরীণ বিষয় নয়। তার জেরেই কংগ্রেসকে বিপাকে পড়তে হল এদিন। সংসদে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী গভীরভাবে বিব্রত হতে হয় এই কারণে। লোকসভায় কংগ্রেসের বক্তব্যের সঙ্গে বহুলাংশে মিলে যায় পাকিস্তানের বিবৃতি। তা নিয়ে হাতে চাঁদ পেয়ে যায় বিজেপি।

৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তানি দাবি
উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তান জানিয়েছিল তাঁরা আন্তর্জাতিক মঞ্চে দিল্লির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রসঙ্ঘও জানিয়ে দেয়, তারা পুরো বিষয়টি নজর রাখছে। এর আগে ভারত-পাকিস্তানকে সংযত থাকার বার্তাও দেওয়া হয় একাধিকবার।

লোকসভায় কাশ্মীর সমস্যা নিয়ে অধীরের প্রশ্ন
এদিন লোকসভায় কাশ্মীর সমস্যা নিয়ে অধীর প্রশ্ন তোলেন, কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণে রয়েছে কাশ্মীর ইস্যু। সেখানে একতরফা সিদ্ধান্ত নিয়ে জন্মু-কাশ্মীর সংক্রান্ত প্রস্তাব ও বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র।

কংগ্রেস কি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি করছে
মঙ্গলবার লোকসভায় অধীর চৌধুরী রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন করতেই সরকার পক্ষ কংগ্রেসের অবস্থান জানতে চায়। অমিত শাহ সরাসরি প্রশ্ন করেন, কংগ্রেস কি এই ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি করছে। কংগ্রেস কি চাইছে রাষ্ট্রসংঘ এর মধ্যে হস্তক্ষেপ করুক। তার জবাবে অধীর চৌধুরী বলেন, সরকার আগে স্পষ্ট করুক কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সরকারের অবস্থানের দাবি
এদিন অধীর চৌধুরী লোকসভায়, ১৯৯৪ সালের একটি প্রস্তাবকে উল্লেখ করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে সরকারের অবস্থানের দাবি করেন। তিনি বলেন, পুরো জম্মু ও কাশ্মীরই ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। তিনি অভিযোগ করেন, সরকার জম্মু ও কাশ্মীরের বাইরে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাবকে জানালার বাইরে ফেলে দিয়েছে।

কাশ্মীর ইস্যুতে অমিত শাহের কড়া জবাব
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আমি এটিকে খুব স্পষ্ট করে বলতে চাই যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটি নিয়ে কোনও সন্দেহ নেই এবং এ নিয়ে কোনও আইনি বিরোধও নেই। তাই অমিত শাহ বলেন, কংগ্রেস দলনেতা এরপর এমন অনর্থক মন্তব্য করবেন না যে, তাকে পরে বাতিল করতেও অসুবিধা হবে।












Click it and Unblock the Notifications