'মড়ক লেগেছে তৃণমূলে! কর্মীরা বুঝেছেন এবার ঘরে ফেরা উচিত', অধীর দিলেন বার্তা
মুর্শিদাবাদে অধীর মিথ ভাঙতে শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু প্রাথমিকভাবে সফল অধীর চৌধুরীর রাজত্ব খানখান করে দিতে।
মুর্শিদাবাদে অধীর মিথ ভাঙতে শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু প্রাথমিকভাবে সফল অধীর চৌধুরীর রাজত্ব খানখান করে দিতে। কিন্তু এখনও চূড়ান্ত ফল মেলেনি সেই যুদ্ধের। বহরমপুরে অধীরকে হারিয়ে তাঁরা নাম ও নিশান মুছে ফেলার হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু। কিন্তু পাল্টা অধীর চৌধুরীই তৃণমূলকে ভেঙে পায়ের তলার মাটি শক্ত করছেন।

তৃণমূলে মোহভঙ্গ
মুর্শিদাবাদের ‘রবিনহুড' তিনি। বহরমপুর তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি। তাঁর বিশ্বাস এবারও অন্যথা হবে না। বহরমপুর তাঁর পাশেই থাকবে। অধীর চৌধুরী বলেন, সারা মুর্শিদাবাদ জেলাজুড়ে এক সময় যারা কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগ দিয়েছিলেন, তাদের আজ মোহভঙ্গ হতে শুরু করেছে। আজ তারা বুঝতে পেরেছেন, তাদের এবার কংগ্রেসে ফিরে যাওয়া উচিত। তাই তাঁরা ঘরে ফিরছেন।

অস্তিত্ব থাকবে না তৃণমূলের
জেলায় তৃণমূল কংগ্রেসকে ভেঙে উচ্ছ্বসিত অধীর বলেন, মড়ক লেগে গিয়েছে মুর্শিদাবাদ তৃণমূলে। তৃণমূল নামতে নামতে আগামী দিনে কোথায় গিয়ে ঠেকে, তা কল্পনা করে নিন। তাঁর কথায় এই জেলায় অস্তিত্ব থাকবে না তৃণমূলের। বহরমপুরে তো তিনি জিতবেনই সবকটি আসনেই জয়ী হবে কংগ্রেস।

মিথ্যাচারের অট্টালিকা ভেঙে পড়বে
অধীর বলেন, ভিত ভাঙছে, অট্টালিকা ধুলিসাৎ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা এখন। ভিত ভেঙে পড়লে যেভাবে অট্টালিকা পড়ে যায়, তেমনি আজ তৃণমূলের ভিত ভেঙে যাচ্ছে। তৃণমূল যে মিথ্যাচারের অট্টালিকা তৈরি করেছিল, আগামী দিনে তা ধুলিসাৎ হয়ে যাবে। তৃণমূলকে মুর্শিদাবাদে খুঁজে পাওয়া যাবে না।

দলে দলে কংগ্রেসে যোগদান
এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয়ে এসে অধীর চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি অর্পণ সিনহার নেতৃত্বে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। এছাড়া বহরমপুর ব্লকের ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ জন ও চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ সক্রিয় কর্মীও কংগ্রেসে যোগ দেন।












Click it and Unblock the Notifications