সোনারপুরে ছাত্রী-মেসে অ্যাসিড হামলা, পর্দা থাকায় কোনওমতে রক্ষা
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিবেকানন্দপল্লির একটি ছাত্রী-মেসে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। ছাত্রীদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা, ২৬ অক্টোবর : ফের অ্যাসিড হামলা। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বিবেকানন্দপল্লির একটি ছাত্রী-মেসে এই অ্যাসিড হামলার ঘটনা ঘটে। ছাত্রীদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পর্দা থাকায় অ্যাসিড থেকে রক্ষা পায় ছাত্রীরা, তবে আতঙ্ক ছড়িয়েছে মেসের ছাত্রীদের মধ্যে। এর আগে নদিয়ায় মায়ের পাশে ঘুমন্ত ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়া হয় জানলা দিয়ে। সেই ঘটনায় মৃত্যু হয় ছাত্রীর। [অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]
সোনারপুরের বিবেকানন্দ পল্লিতে বিশ্বনাথ কয়ালের বাড়িতে এই মেস চলে। ১১ জন ছাত্রী এই মেসে থেকে পড়াশোনা করে। গতকাল রাতে বাড়ির নীচেরতলার একটি ঘরে তারা যখন পড়াশোনা করছিল, তখনই ঝাঁঝালো অ্যাসিড গন্ধ পায় তারা। সঙ্গে সঙ্গেই তারা বাইরে বেরিয়ে আসে। দেখে মেঝেতে পড়ে রয়েছে অ্যাসিড। আতঙ্ক ছড়িয়ে পড়ে মেসে। [অ্যাসিড-হামলাকারীকে ফাঁসির সাজা দিল আদালত]

দেরি না করে বাড়ির মালিককে পুরো ঘটনাটি জানায় তারা। তারপর ছাত্রীরা স্থানীয় কাউন্সিলর অনিমা মণ্ডলের বাড়িতে খবর দেওয়া হয়। তিনি নিজে রাতেই ওই মেসে আসেন। থানায় এই অ্যাসিড হামলার ঘটনায় এফআইআর করা হয়েছে। আতঙ্কিত ছাত্রীদের পরিবারের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। অনেক ছাত্রীই আতঙ্কে মেস ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ছাত্রীদের অভিযোগ, অ্যাসিড ছোঁড়ার ঘটনা প্রায়ই হচ্ছে। এর আগেও দু'বার ঘটেছে অ্যাসিড হামলা। আগেও জানালা দিয়ে আমাদের উপর অ্যাসিড ছোড়ার চেষ্টা হয়েছে। পর্দা থাকায় কারও কোনও ক্ষতি হয়নি। পুলিশ এই অ্যাসিড হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। আগে যে ওই মেসে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে আগে কোনও অভিযোগ জানায়নি কেউ।












Click it and Unblock the Notifications