লরির ধাক্কায় মৃত কিশোর, জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয়রা
বাঁকুড়াতে লরির ধাক্কায় মৃত্যু হল এক ১৬ বছরের কিশোরের। ঘটনাটি ঘটে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা
বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ বছরের এক কিশোরের। মৃতের নাম গিরিধারী মাল। এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে বাঁকুড়া জেলার ওন্দায়।

জানা গিয়েছে, ওন্দা হাসপাতালের সামনে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রাস্তার পাশ দিয়ে হাঁটছিল গিরিধারী। সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। লরিটি গিরিধারীকে কিছু টা দূরে টেনে নিয়ে চলে যায়। তাকে ওন্দা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিশোরকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হলেও সেটা সঙ্গে সঙ্গে আসেনি বলে কিশোরের পরিবারের অভিযোগ। বাঁকুড়া নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কিশোরের। এর প্রতিবাদে কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দারা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।












Click it and Unblock the Notifications