বিবেকানন্দের জন্মদিনে অভিষেকের হোর্ডিং! লেখা ‘স্বাগতম যুবরাজ’, নিন্দা BJP'র, তৃণমূলের দাবি কী?
স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে লাগানো একটি হোর্ডিং ঘিরে আবার নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য একটি হোর্ডিং বসানো হয়। কিন্তু সেই হোডিংএ শুধুমাত্র অভিষেকের ছবি এবং 'স্বাগতম যুবরাজ' লেখা থাকার কারণে আপত্তি তোলে বিজেপি।

বিজেপির অভিযোগ যে, স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এরকম হোর্ডিং লাগানো তাঁর প্রতি অসম্মানের সমান। দলের নেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ করে বলেন যে, "যুবরাজ যদি কেউ হন, তাহলে তিনি স্বামী বিবেকানন্দই।" তাঁর দাবি যে, এতদিন ধরে জন্মদিনে সেখানে শ্রদ্ধা জানানো হলেও কখনও এরকম ভাবে কোনও রাজনৈতিক নেতাকে সামনে আনা হয়নি।
আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। সকালে হেদুয়া থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত বিজেপির তরফ থেকে 'বিবেক যাত্রা' হয়। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপির নেতা। অন্যদিকে জানা গিয়েছে যে, আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়ার কথা ছিল বলেই ওই হোর্ডিং লাগানো হয়েছে।
তবে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দলের বক্তব্য যে, অভিষেককে দলের সমর্থকেরা যুবরাজ হিসেবেই দেখেন। সেই ভাবনা থেকেই হোডিং লাগানো হয়েছে। এর সঙ্গে স্বামী বিবেকানন্দের অপমানের কোনও যোগাযোগ নেই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন যে, বিজেপির মুখে বিবেকানন্দ নিয়ে কোনও নৈতিকতার কথা একদমই মানায় না।
বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তোলেন মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন যে, বিজেপির হোর্ডিংয়েও স্বামী বিবেকানন্দের বাণী বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। তাঁর বক্তব্য যে, জনপ্রিয় নেতাদের তাঁদের অনুগামীরা ভালোবেসে অনেক রকমের নামে ডাকতেই পারেন। তাতে কাউকে ছোট করা হয় না।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধার আবহের মাঝেই সিমলা স্ট্রিটে হোডিংকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও একবার সামনে এল।












Click it and Unblock the Notifications