ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা কেড়ে নিচ্ছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আজ বিনপুরে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, একদিকে মুখ্যমন্ত্রী আদিবাসী ও তফশিলিদের লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে ১,৭০০ টাকা দিচ্ছেন আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হচ্ছে।

অভিষেক বলেন, বিজেপি সংবিধান বদলানোর চেষ্টা করছে। তারা বলেছিল যে, তারা ইউসিসি (UCC) কার্যকর করবে। মন দিয়ে শুনুন-২ দিন আগে গুজরাত বিধানসভায় ইউসিসি বিল পেশ করা হয়েছে। বিজেপি যদি ইউসিসি কার্যকর করে, তবে তফশিলি জনজাতি সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কী পরব, কী খাব বা কী বলব-সেটা কি দিল্লির নেতারা ঠিক করে দেবেন? তারা শুধু আমাদের ভোট নিয়ে সন্তুষ্ট নয়; তারা আমাদের ব্যক্তিগত জীবনকেও নিয়ন্ত্রণ করতে চায়। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যারা এর বিরুদ্ধে লড়ছে।
অভিষেক রাজ্য সরকারের নানা পরিষেবা ও কাজের খতিয়ান পেশ করে বলেন, বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? একদিকে বিজেপি নেতারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি দিয়েছেন; অন্যদিকে কেউ কেউ আবার ক্ষমতায় এলে তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। অসম, ওড়িশা, বিহার, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, রাজস্থান এবং মধ্যপ্রদেশ-সহ প্রায় ১৫টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার ২.৪০ কোটি মহিলাকে কোনও শর্ত ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, বিজেপি কি তাদের শাসিত কোনও রাজ্যে এটি কার্যকর করতে পারবে? যদি তারা একটি রাজ্যেও এটি করতে পারে, তবে আমি তৃণমূল কংগ্রেসের জন্য আর ভোট চাইব না।
রান্নার গ্যাসের প্রসঙ্গে অভিষেক বলেন, গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়ে গেছে। তারা প্রতিদিন সভা করছে এবং ভোটের আগে সাময়িকভাবে দাম বাড়ানো বন্ধ রেখেছে। কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন-ভোট শেষ হওয়ার দিনই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে এসে মানুষের কাছে প্রতিশ্রুতি দিন যে, আগামী ৫ বছর দাম বাড়বে না। যদি তাঁরা তা করতে পারেন, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করে নেবে।
বিজেপি এভাবেই চলে। তারা একটিও উন্নয়নের কাজ করেনি, এমনকি একটি ল্যাম্পপোস্টও বসায়নি। অথচ তারা "ডবল ইঞ্জিন" উন্নয়নের কথা বলে। বাংলা এখনও ২ লক্ষ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। তারা মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করে-নোটবন্দি, SIR, রান্নার গ্যাসের জন্য। আপনাদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তাদের জবাব দিন।
অভিষেক আরও বলেন, আমার ভাই ও বোনেরা, মন দিয়ে শুনুন। তারা (বিজেপি) বুথে বসার জন্য টাকা দিচ্ছে। টাকা নিন, ওটা আপনাদেরই টাকা আর তারপর তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমি জানি আমার মানুষজন বিশ্বাসঘাতক নয়। আমাদের ঠকানোর জন্য তাদের উচিত শিক্ষা দিন।












Click it and Unblock the Notifications